ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) আসন্ন আসরের পর্দা উঠবে আগামী ৫ই মে। এর আগে আগামী ১৮ ও ১৯ এপ্রিল হবে খেলোয়াড় দলবদল। তবে দলবদলের আগেই অনেক ক্লাব বড় তারকাদের দলে ভেড়াচ্ছে। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আবাহনী ক্লাব লিমিটেড এবারও বেশ তারকা সমৃদ্ধ দল গড়ছে। ঘরোয়া ক্রিকেটের তারকা ব্যাটার সাব্বির রহমানকেও দলে ভিড়িয়েছে আকাশি-নীল বাহিনী।
আবাহনীতে খেলার ব্যাপারে সাব্বির নিজেই জাগো নিউজকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আবাহনীতে খেলবো এবার ইনআশাল্লাহ।’
সাব্বির ছাড়াও আবাহনী এবারও শিরোপা ধরে রাখার জন্য শক্তিশালী দল গড়ছে। আবাহনীর গতবারের সফল কোচ হান্নান সরকার এবারও দলটির হেড কোচের দায়িত্বে আছেন। হান্নানই দল সাজাচ্ছেন।
আগেরবারের সফল পারফরমার মোসাদ্দেক হোসেন সৈকত, নাজমুল হোসেন শান্ত, জিসান আলম, মাহফুজ রাব্বি, মেহরব হোসেন, রাকিবুলকে ধরে রাখার পাশাপাশি আবাহনী এবার বাঁ-হাতি ব্যাটার সৌম্য সরকারকে দলে ভেড়ানোর সবকিছু চূড়ান্ত করে ফেলেছে।
কোচ হান্নান সরকারের দাবি, সৌম্য এবার আবাহনীতেই খেলবে। এর বাইরে পেসার খালেদ এবং অনূর্ধ্ব-১৯ দলের পেসার ইকবাল হোসেন ইমনেরও আবাহনীতে যোগদান একরকম নিশ্চিত।
এসকেডি/আইএন