ই-মেইল নিরাপত্তা আরও শক্তিশালী করতে নতুন আপডেট এনেছে গুগল। এই আপডেটের মাধ্যমে জি-মেইলে যুক্ত হয়েছে এন্ড-টু-এন্ড এনক্রিপশন সুবিধা, যা এখন সরাসরি অ্যান্ড্রয়েড ও আইওএস ডিভাইসেও ব্যবহার করা যাবে। ফলে ব্যবহারকারীরা মোবাইল থেকেই নিরাপদভাবে ই-মেইল পাঠানো, পড়া এবং পরিচালনা করতে পারবেন যেখানে আগে ডেস্কটপ বা আলাদা টুলের উপর নির্ভর করতে হতো।
এই নতুন ফিচারটি মূলত ক্লাইন্ট-সাইড এনক্রিপশন প্রযুক্তির উপর ভিত্তি করে তৈরি। অর্থাৎ, ই-মেইল পাঠানোর আগেই ব্যবহারকারীর ডিভাইসেই সেটি এনক্রিপ্ট হয়ে যায়। ব্যবহারকারী যখন মেইল পাঠাবেন, তখন শুধু লক আইকনে ক্লিক করে অতিরিক্ত এনক্রিপশন অপশন চালু করলেই বার্তাটি সুরক্ষিতভাবে পাঠানো সম্ভব।
প্রাপক যদি জি-মেইল ব্যবহারকারী হন, তাহলে তিনি মেইলটি স্বাভাবিক কথোপকথনের মতোই দেখতে পাবেন। আর যদি অন্য কোনো ই-মেইল সার্ভিস ব্যবহার করেন, তাহলে একটি সুরক্ষিত ওয়েব ইন্টারফেসের মাধ্যমে সেই মেইল অ্যাক্সেস করতে পারবেন এবং জবাবও দিতে পারবেন।
তবে এই সুবিধা আপাতত সবার জন্য উন্মুক্ত নয়। এটি বর্তমানে গুগল ওয়ার্কস্পেসের এন্টারপ্রাইজ ব্যবহারকারীদের জন্য চালু করা হয়েছে। অ্যাডমিনদের আলাদা করে সেটিংস থেকে এটি চালু করতে হবে। অ্যান্ড্রয়েড এবং আইওএস-দুই প্ল্যাটফর্মেই ধাপে ধাপে এই ফিচার পৌঁছে দেওয়া হচ্ছে।
বিশেষ করে যেসব প্রতিষ্ঠান সংবেদনশীল তথ্য নিয়ে কাজ করে, তাদের জন্য এই আপডেট বেশ গুরুত্বপূর্ণ। এটি ডাটা সুরক্ষা, গোপনীয়তা এবং নিয়ম মেনে চলার ক্ষেত্রে বাড়তি নিরাপত্তা নিশ্চিত করবে। সব মিলিয়ে, এই নতুন সুবিধার ফলে মোবাইল ব্যবহারকারীদের জন্য নিরাপদ ই-মেইল আদান-প্রদান এখন আরও সহজ এবং নির্ভরযোগ্য হয়ে উঠেছে।
আরও পড়ুনজি-মেইলের তথ্য আর চুরি হবে না, সুরক্ষায় নতুন ফিচার গুগলেরইন্টারনেট ছাড়াই জি-মেইল ব্যবহার করা যাবেসূত্র: টাইমস অব ইন্ডিয়া
কেএসকে