বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বিএনপির শীর্ষ কয়েকজন নেতাকে উদ্দেশ করে বলেছেন, কল্যাণপুরের অভিযানে নিহতরা জঙ্গি কিনা এ ব্যাপারে যারা সন্দেহ করে, তারাই এই জঙ্গি এবং সস্ত্রাসের পক্ষে অবস্থান নিচ্ছেন।তিনি বলেন, জঙ্গিবাদী কর্মকাণ্ড চালিয়ে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করছে, তারা কখনো সফল হতে পারবে না। শনিবার দুপুরে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় বিকেএমইএ’র কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন ও নির্মাণ কাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।বাণিজ্যমন্ত্রী বলেন, যারা ২০১৩ সালে জঙ্গি তৎপরতা চালিয়ে ব্যবসা-বাণিজ্যের ক্ষতি করেছে, ২০১৪ সালে নির্বাচনে অংশ না নিয়ে আইন প্রয়োগকারী সংস্থার ২৪ জন সদস্যকে হত্যা করেছে এবং ২০১৫ সালে ৯৩ দিন আগুন সন্ত্রাস করেছে- তারাই আজকে এসব কার্যকলাপ করে আমাদের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে।তিনি বলেন, আমাদের অর্জন আর সফলতায় আন্তর্জাতিক বিশ্বে ভবিষ্যদ্বাণী করছে, ১১টি দেশ অর্থনৈতিকভাবে উন্নতি লাভ করবে। বাংলাদেশ তার মধ্যে অন্যতম। কিন্তু আমাদের এই অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতেই বাংলাদেশে তথাকথিত জঙ্গি এবং সন্ত্রাসী কার্যকলাপ চালানোর চেষ্টা করা হচ্ছে। তবে এরা কোনো দিন সফল হবে না। প্রধানমন্ত্রীর প্রশংসা করে বাণিজ্যমন্ত্রী বলেন, শেখ হাসিনা অত্যন্ত দক্ষতার সঙ্গে গুলশানের হলি আর্টিসান বেকারিতে বন্দীদের উদ্ধার এবং কল্যাণপুরের জঙ্গি প্রস্তুতি মোকাবেলা ও সন্ত্রাসীদের নিশ্চিহ্ন করে ইতিহাসে বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন।বিকেএমইএর সভাপতি নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেদায়েতউল্লাহ আল মামুন।এ সময় উপস্থিত ছিলেন সংসদ সদস্য শামীম ওসমান, লিয়াকত হোসেন খোকা, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হোসনে আরা বাবলি, এফবিসিসিআইএর সভাপতি আবদুল মাতলুব আহমাদ, উইমেন চেম্বার অব কমার্সের সভাপতি সেলিনা আহমাদ।অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ নিট শিল্পের মৃত ৮০ শ্রমিকের পরিবারের স্বজনদের মধ্যে দুই লাখ টাকা করে বীমা চেক তুলে দেন।এর আগে সকালে তিনি ফতুল্লার চাঁদমারীর নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নবনির্মিত নিজস্ব ৭তলা ভবনের উদ্বোধন করেন। পরে চেম্বার ভবনে অবস্থিত অর্থ মন্ত্রণালয় ও এডিবির অর্থায়নে ও উদ্যোগে বাস্তবায়িত এবং বিকেএমইএর অধীনে পরিচালিত এসইআইপি ট্রেনিং কোর্স উদ্বোধন করেন। বিকেলে তিনি ব্যবসায়ীদের সঙ্গে নির্মাণাধীন সামছুজ্জোহা স্টেডিয়ামে এক সমাবেশে মিলিত হবেন। মো: শাহাদাত হোসেন/এএম/এমএস