বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার বলেছেন, রাজধানী ঢাকার সিটি কর্পোরেশনকে সরকার দুই ভাগে বিভক্ত করেছেন। আর গাজীপুর সিটি কর্পোরেশন হচ্ছে দেশের সবচেয়ে বড় সিটি কর্পোরেশন। উন্নয়নের স্বার্থে এবং নেতৃত্ব বিকশিত করতে গাজীপুর সিটি কর্পোরেশন দুই ভাগে বিভক্ত হওয়া দরকার।
তিনি বলেন, সিটি কর্পোরেশনের আয়তন বড় করতে প্রয়োজনে ভাওয়াল মির্জাপুরকেও এ সিটি কর্পোরেশনের আওতায় আনা যেতে পারে।
বুধবার দুপুরে গাজীপুর শহরের নীলের পাড়ায় সাংবাদিক ইউনিয়ন গাজীপুরের বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, অসত্যের বিরুদ্ধে সাংবাদিকদের তাদের লেখনীকে কাজে লাগাতে হবে। সাংবাদিকদের বিবেককে সদা জাগ্রত রাখতে হবে। সত্য মিথ্যা লিখতে গিয়ে তাদের বিবেকের কাছে দায়ী থাকতে হবে।
সাংবাদিক ইউনিয়ন গাজীপুরের সভাপতি দেলোয়ায়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহসভাপতি আফজাল হোসেন কায়সার, আহম্মদ আলী রুশদী, সিনিয়র যুগ্ম সম্পাদক মো. সোহরাব উদ্দিন, অধ্যাপক নজরুল ইসলাম, মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ মোল্লা, সাংবাদিক হেদায়েত উল্লাহ, আমিনুল ইসলাম, আব্দুল মালেক, মো. ইউনুস আলী, অধ্যাপক মো. মোখলেছুর রহমান, কামাল হোসেন প্রমুখ।
পরে দেলোয়ার হোসেনকে সভাপতি ও মো. হেদায়েত উল্লাহকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
মোঃ আমিনুল ইসলাম/এএম/এমএস