দেশজুড়ে

বরিশালে মহান বিজয় দিবস উদযাপিত

বিনম্র শ্রদ্ধা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে বরিশালে পালিত হচ্ছে মহান বিজয় দিবস। এ উপলক্ষে শুক্রবার মধ্যরাত থেকে শনিবার দিনভর নানা কর্মসূচি পালন করেছে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।

পুলিশ লাইনসে সকাল ৬টা ৩৫ মিনিটে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে বিজয় দিবসের কর্মসূচি শুরু হয়। সকাল সাড়ে ৮টার দিকে বঙ্গবন্ধু উদ্যানে শিশু-কিশোরদের কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

বিজয় দিবস উপলক্ষে জেলা প্রশাসক কার্যালয় সংলগ্ন শহীদ স্মৃতিস্তম্ভে সকাল ৬টা ৪০ মিনিটে প্রথম পুষ্পার্ঘ্য অর্পণ করে জেলা ও মহানগর মুক্তিযোদ্ধা সংসদ।

এরপর বিভাগীয় কমিশনার মো. মো. শহীদুজ্জামান, পুলিশের রেঞ্জ ডিআইজি মো. শফিকুল ইসলাম, মহানগর পুলিশ কমিশনার এসএম রুহুল আমীন, জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান ও সিটি কর্পোরেশনের মেয়র আহসান হাবিব কামাল।

এছাড়া জেলা পরিষদ, শিক্ষা বোর্ড, সরকারি বিএম কলেজ, সরকারি মহিলা কলেজ, সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ, সরকারি আলেকান্দা কলেজসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান রাজনৈতিক-সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস এমপি, মহানগরের সভাপতি অ্যাডভোকেট গোলাম আব্বাস চৌধুরী দুলাল, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট একেএম জাহাঙ্গীর, যুগ্ম-সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ’র নেতৃত্বে সকাল ৯টায় জেলা ও মহানগর আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা শহীদ বেদীতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।

বিএনপির যুগ্ম-মহাসচিব মজিবর রহমান সরোয়ার, সিটি মেয়র আহসান হাবিব কামাল, দক্ষিণ জেলা সভাপতি এবায়দুল হক চাঁন, উত্তর জেলা সভাপতি মেজবাহউদ্দিন ফরহাদের নেতৃত্বে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ পুষ্পার্ঘ্য অর্পণ করেন বেলা সোয়া ১১টায়।

আওয়ামী লীগ ও বিএনপিসহ রাজনৈতিক দলগুলো পুষ্পার্ঘ্য অর্পণের আগে নগরীতে শোভাযাত্রা বের করে। এছাড়া জাতীয় পার্টি, ওয়ার্কার্স পার্টি, জাসদ, কমিউনিস্ট পার্টি, ন্যাপ, বাসদ, এনপিপি, কৃষক ফেডারেশনসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সমাজিক সংগঠনের নেতৃবৃন্দ শোভাযাত্রা করে শহীদ বেদীতে গিয়ে পুষ্পার্ঘ্য অর্পণ করে।

সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হচ্ছে চারদিনব্যাপী অনুষ্ঠানমালা। বরিশাল বিশ্ববিদ্যালয়েও দিবসটি উপলক্ষে বিজয় র্যালি ও কুচকাওয়াজ অনুষ্ঠান করেছে।

বরিশাল বিএম কলেজ দিবসটি উপলক্ষে নানা কর্মসূচি পালন করছে। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ সামাজিক ও পেশাজীবী সংগঠন নানা কর্মসূচির মধ্য দিয়ে পালন করেছে মহান বিজয় দিবস।

সাইফ আমীন/এএম/আরআইপি