দেশজুড়ে

রাজশাহী-৪ আসনে বিএনপি প্রার্থীর ভোট বর্জন

রাজশাহী-৪ (বাগমারা) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আবু হেনা ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন। রোববার দুপুরে রাজশাহী মেট্রোপলিটন প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে তিনি এই ঘোষণা দেন।

নির্বাচন স্থগিতের দাবি জানিয়ে আবু হেনা বলেন, তার এলাকায় কেন্দ্র দখল করে জালভোটের উৎসব চলছে। নৌকার সমর্থকরা ধানের শীষের সমর্থকদের কেন্দ্রে ঢুকতে দিচ্ছে না। সাধারণ ভোটারদেরও জানমালের নিরাপত্তা হুমকির মুখে পড়েছে। হানাহানি বন্ধে তিনি নির্বাচন বর্জন করছেন।

তিনি বলেন, ভোট বর্জনের সিদ্ধান্তের কথা তিনি প্রথমে হাইকমান্ডকে জানান। সেখান থেকে তাকে অপেক্ষা করতে বলা হয়। কিন্তু অপেক্ষা করলে এবং বিএনপির নেতাকর্মী ও সমর্থকরা ভোট দিতে গেলে তাদের প্রাণহানির আশঙ্কা রয়েছে। তাই অপেক্ষা না করে তিনি ভোট বর্জনের সিদ্ধান্ত নিয়েছেন।

রাজশাহী-৪ আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ইঞ্জিনিয়ার এনামুল হক। গত দুই মেয়াদে তিনি আসনটির সংসদ সদস্য আছেন। আর আবু হেনা এ আসনের সাবেক সংসদ সদস্য। তত্ত্বাবধায়ক সরকারের আমলে সংস্কারপন্থী হিসেবে পরিচিত এই নেতা দল থেকে বহিষ্কৃত ছিলেন। সম্প্রতি তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে দলীয় মনোনয়ন দেয়া হয়।

ফেরদৌস সিদ্দিকী/এফএ/এমকেএইচ