প্রবাস

মধ্যপ্রাচ্যে বাংলাদেশিদের ব্যবসায়িক সম্ভাবনা শীর্ষক সেমিনার

মধ্যপ্রাচ্যে বাংলাদেশিদের ব্যবসায়িক সমস্যা ও সম্ভাবনা শীর্ষক সেমিনারের আয়োজন করা হয়। ওমান ও কাতারের বাংলাদেশি ব্যবসায়ীদের মাঝে বিনিয়োগের সেতুবন্ধনের লক্ষ্যে বেশকিছু পদক্ষেপ নেয়া হয়েছে। এ সময় বাংলাদেশ বিজনেস কাউন্সিল কাতারের সভাপতি এম সাইফুল ইসলাম, ব্যবসায়ী অধ্যাপক তপন মহাজন ও বিশিষ্ট ব্যবসায়ী নিজাম আলোচনা করেন।

কাতারে আগামী ২০২২ সালে ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ উপলক্ষে দেশটি নতুনভাবে সাজানো হচ্ছে। সব সেক্টরেই চলছে উন্নয়নের কাজ। এসব উন্নয়নে ছোঁয়া রয়েছে বাংলাদেশি শ্রমিকের। কাতারে এতসব উন্নয়নের দাবিদার প্রবাসী বাংলাদেশিরাও।

বাংলাভিশনের মধ্যপ্রাচ্যের বিশেষ প্রতিনিধি গোলাম মাওলা হাজারি ও সান সিটি গ্রুপের চেয়ারম্যান এম সাইফুল ইসলামের আমন্ত্রণে বৃহস্পতিবার দু’দিনের ব্যবসায়িক সফরে ওমান থেকে কাতার যান জাগো নিউজের ওমান প্রতিনিধি বাইজিদ আল-হাসান। দেশটিতে গিয়ে বিভিন্ন সমস্যা সমাধানের বিষয়ে আলোচনা করেন।

এ ছাড়াও বাইজিদ আল-হাসান বাংলাদেশি ইমামদের সঙ্গে আলোচনা করে তাদের সার্বিক খোঁজখবর নেন। দেশটিতে বর্তমানে সব থেকে বেশি বাংলাদেশি ইমাম রয়েছে। যা বাংলাদেশের ভাবমূর্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

কাতার ধর্ম মন্ত্রণালয়ের বাংলাদেশি ইমাম হাফেজ আইনুল আরেফীনের সঙ্গে একান্ত আলোচনায় উঠে আসে কাতারে বাংলাদেশিদের বিভিন্ন বিষয়। তিনি জানান, বর্তমানে কাতার ধর্ম মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশি প্রায় ১৩০০ ইমাম রয়েছে। যাদের সম্মানজনক ভাতাসহ সব ধরনের সুযোগ-সুবিধা দেয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন মুফতি ওয়ালিউল্লাহ, হাফেজ আইনুল আরেফীনসহ অন্যান্য ইমামরা।

উল্লেখ্য, হাফেজ আইনুল আরেফীন ১৯৮৮ সালে ময়মনসিংহে জন্মগ্রহণ করেন। তিনি ২০১০ সালে আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় সারা বিশ্বে এক নম্বর হন। এ ছাড়াও তিনি ২০১২ সালে দুবাই, মিশর, ইরান ও লিবিয়াতে আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করে বিশ্বের মাঝে বাংলাদেশের পতাকার মান উজ্জ্বল করেছেন।

এ ছাড়াও মধ্যপ্রাচ্যে সাংবাদিকতার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন কাতারে বাংলাদেশি সাংবাদিক নেতাদের সঙ্গে। আলোচনা শেষে কাতারের সাংবাদিকেরা তাকে আল-জাজিরাহ টিভির অফিস, স্টেডিয়ামসহ কাতারের বিভিন্ন নান্দনিক স্থাপনা ঘুরিয়ে দেখান।

সবশেষে আকবর হোসেন বাচ্চু ডিনারপার্টির আয়োজন করেন। এ সময় উপস্থিত ছিলেন বাংলা টিভির কাতার প্রতিনিধি আকবর হোসেন বাচ্চু, বাংলাভিশনের কাতার প্রতিনিধি ইউসুফ পাটোয়ারী লিংকন ও বাংলাভিশন মধ্যপ্রাচ্যের বিশেষ প্রতিনিধি গোলাম মাওলা হাজারী।

এমআরএম/এমএস