দেশজুড়ে

মাজেদের লাশ ভোলায় দাফন করতে দেয়া হবে না : এমপি শাওন

বঙ্গবন্ধুর খুনি ক্যাপ্টেন (বরখাস্ত) আবদুল মাজেদের লাশ ভোলার মাটিতে দাফন করতে দেয়া হবে না বলে জানিয়েছেন স্থানীয় সংসদ সদস্য (এমপি) নূরুন্নবী চৌধুরী শাওন।

ঢাকায় মাজেদের মৃত্যুদণ্ড কার্যকরের আনুষ্ঠানিকতার মধ্যে শনিবার (১১ এপ্রিল) বিকেলে ভোলার লালমোহন উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে শাওন এ কথা জানান।

তিনি বলেন, বিশ্ব যখন করোনায় স্থবির হয়ে পড়েছে, তখনি খুনি কুলাঙ্গার মাজেদকে গ্রেফতার বাঙালির হৃদয়ে স্বস্তি এনেছে। তার ফাঁসি দ্রুত কার্যকর করে ভোলাকে কলঙ্কমুক্ত করতে হবে। তবে খুনি মাজেদের লাশ ভোলাবাসী গ্রহণ করবে না। তার লাশ প্রয়োজনে বঙ্গোপসাগরে ভাসিয়ে দিতে হবে।

এমপি শাওন বলেন, মাজেদ জাতির পিতাকে সপরিবারে হত্যা করেছে। জাতীয় চার নেতাকে হত্যারও নেতৃত্বে দিয়েছিল সে। জাতির পিতার জন্মশতবার্ষিকীতে তার গ্রেফতারের খবরটি একটি সুসংবাদ।

এসময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, পৌরসভা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মনজু তালুকদার, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাদল, উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মো. শাহিন, তজুমদ্দিন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলু দেওয়ান প্রমুখ উপস্থিত ছিলেন।

এইচএ/এফআর