অর্থনীতি

শেয়ারবাজারের দীর্ঘমেয়াদে ক্ষতি করেছে ফোর্সড সেল বন্ধ-ফ্লোর প্রাইস

বিতর্কিত রোড শো’র মাধ্যমে বিনিয়োগকারীদের আস্থা নষ্ট করা হয়েছে উল্লেখ করে বাংলাদেশ সিকিউরিটিজ অ‍্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সাবেক চেয়ারম্যান ফারুক আহমেদ সিদ্দিকী বলছেন, গত ১৫ বছরে শেয়ারবাজার অনেক সমস‍্যায় জর্জরিত হয়েছে। এরমধ‍্যে ২০১০ সালের ধসের পর অলিখিতভাবে ফোর্সড সেল বন্ধ করে ও করোনা মহামারিকে কেন্দ্র করে ফ্লোর প্রাইস আরোপ করে শেয়ারবাজারে দীর্ঘমেয়াদে ক্ষতি করা হয়েছে।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ) আয়োজিত ‘বাংলাদেশ ক‍্যাপিটাল মার্কেটের বর্তমান অবস্থা ও এগিয়ে যাওয়ার উপায়’ শীর্ষক সেমিনারে এসব কথা বলেন তিনি।

রাজধানীর নিকুঞ্জে অবস্থিত ডিএসই ভবনে এই সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী ও সম্মানিত অতিথি হিসেবে বিএসইসির সাবেক চেয়ারম্যান ফারুক আহমেদ সিদ্দিকী উপস্থিত ছিলেন। এতে সভাপতিত্ব করেন ডিবিএ সভাপতি সাইফুল ইসলাম।

ফারুক আহমেদ সিদ্দিকী বলেন, ফোর্সড সেল বন্ধ করে নেগেটিভ ইক‍্যুইটি তৈরি করা হয়েছে। এতে করে অনেক প্রতিষ্ঠান ঋণ প্রদানের সক্ষমতা হারিয়েছে। অনেক প্রতিষ্ঠান ধংস হয়ে গেছে। 

অন‍্যদিকে, ফ্লোর প্রাইস দিয়ে শেয়ারবাজারকে দেড় বছর স্থবির করে রাখা হয়েছে বলে জানান বিএসইসির সাবেক এই চেয়ারম্যান। এর পেছনে রাজনৈতিক কারণ থাকতে পারে বলে মনে করেন তিনি। যার মাধ‍্যমে বিনিয়োগকারীদেরকে শেয়ারবাজার থেকে বের হওয়ার রাস্তা বন্ধ করে দেওয়া হয়। এর মাধ‍্যমে আস্থা নষ্ট করা হয়েছে। 

তিনি বলেন, বিগত দুটি কমিশনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ শোনা যায়। এখনতো দূর্নীতির অভিযোগ পাওয়া যাচ্ছে। যা আগে কখনো হয়নি। এর মাধ্যমে বাজারে আস্থা নষ্ট হয়েছে। এছাড়া কারসাজির অনেক ঘটনা ঘটেছে। আর বিতর্কিত রোড শো করা হয়েছে। এসবের মাধ্যমেও আস্থা নষ্ট করা হয়েছে।

তিনি বলেন, বর্তমান কমিশনের অভিজ্ঞতার ঘাটতি থাকতে পারে। তবে অসৎ মনে হয় না। এসময় তিনি বলেন, ভালো কোম্পানি আনতে না পারলে বাজার সমৃদ্ধ হবে না। 

তিনি আরও বলেন, ডিএসই ৭০ বছরের একটি পুরোনো স্টক এক্সচেঞ্জ। তবে ডিএসই সফল বলতে পারি না। 

এমএএস/এসএনআর