দেশজুড়ে

যশোরে রোগী মৃত্যুর ঘটনায় চিকিৎসকের ওপর হামলা

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে হাসিনা বেগম নামে এক রোগী মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে দায়িত্বরত চিকিৎসক প্রিয়ব্রত রায়কে মারপিট করা হয়েছে।রোগীর সংকটময় সময়ে চিকিৎসককে ডেকে না পাওয়ায় রোববার সকালে চিকিৎসককে লাঞ্ছিত করা হয়। আর এর প্রতিবাদে চিকিৎসকসহ দায়িত্বরত কর্মকর্তা-কর্মচারী বেলা ১২টা পর্যন্ত কর্মবিরতি পালন করেন।হাসপাতাল সূত্রে জানা যায়, ঝিনাইদহের কোটচাঁদপুর এলাকার হাসিনা বেগম হৃদরোগ ও কিডনিজনিত রোগে ২৭ মে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসাপাতালে ভর্তি হন। ২৮ মে মধ্যরাতে তার শারীরিক অবস্থার অবনতি হয়। এসময় তার স্বজনরা সেবিকাদের জানান। তখন সেবিকা চিকিৎসকের শরণাপন্ন হন। কিন্তু দায়িত্বরত চিকিৎসক প্রিয়ব্রত রায় না এসে যশোর মেডিকেল কলেজের শিক্ষার্থীদের সঙ্গে গল্পে মেতে ছিলেন। আর এরই মধ্যে রোগী মারা যান। এরপর রোববার ভোরে চিকিৎসক রোগীকে মৃত ঘোষণা করতে গেলে স্বজনরা ক্ষিপ্ত হন। এসময় চিকিৎসককে তারা চড় মারেন। এ বিষয়ে চিকিৎসক প্রিয়ব্রত রায় জাগো নিউজকে জানান, হাসিনা বেগম হৃদরোগ ও কিডনিজনিত রোগে ভুগছিলেন। এমন রোগীকে যথাসাধ্য চিকিৎসা দেয়া হয়েছে। ভোররাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি আরো বলেন, যখন মারা যান তখন কেউ ছিল না। একটু পরে রোগীর স্বজনরা এসে হামলা করে। এ ঘটনায় তিনি কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ করেছেন।হাসপাতালে দায়িত্বরত যশোর কোতোয়ালি থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নাসির উদ্দিন জানান, এ ঘটনায় চিকিৎসকরা কর্মবিরতি পালন করলে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে আসেন। পরে প্রশাসনের কর্মকর্তাদের অনুরোধে কর্মবিরতি প্রত্যাহার করে নেন চিকিৎসকরা।মিলন রহমান/এআরএ/পিআর