দেশজুড়ে

কুমিল্লায় ইউপি চেয়ারম্যান হত্যা : ৪৫ জনের বিরুদ্ধে মামলা

কুমিল্লার তিতাস উপজেলার বলরামপুর ইউনিয়নে নির্বাচনী সহিংসতায় বিএনপির বিদ্রোহী প্রার্থী ও উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কামাল উদ্দিন চেয়ারম্যান হত্যাকাণ্ডের ঘটনায় তিতাস থানায় মামলা হয়েছে। রোববার সন্ধ্যায় নিহতের স্ত্রী আসমা কামাল বাদী হয়ে তিতাস উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সালাউদ্দিন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাবেক এপিএস-২ আবদুল মতিন এবং ওই ইউনিয়নের বিএনপি মনোনীত প্রার্থী তোফায়েল আহাম্মদ তপন ভূঁইয়াসহ ৪৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৪৫/৫০ জনকে আসামি করে এ মামলাটি দায়ের করেন। রাত ৮টার দিকে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন তিতাস থানা পুলিশের ওসি মো. মনিরুল ইসলাম পিপিএম। জানা যায়, গত শনিবার ৫ম ধাপের ইউপি নির্বাচন চলাকালে তিতাস উপজেলার বলরামপুর ইউনিয়নের বিএনপির মনোনীত প্রার্থী তোফায়েল আহাম্মদের সমর্থকরা একই ইউনিয়নের বিএনপির বিদ্রোহী প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান মো. কামাল উদ্দিনকে কুপিয়ে ও টেটাবিদ্ধ করে হত্যা করে। রোববার দুপুরে কুমেক হাসপাতাল মর্গে নিহতের ময়নাতদন্তের পর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় পুলিশ মামলায় অভিযুক্ত তিতাস উপজেলা বিএনপির দফতর সম্পাদক মিজানুর রহমান বুলু সিকদার, উপজেলা ছাত্রদলের সভাপতি মনির হোসেন ও সহ-সভাপতি আবদুল হান্নান বেপারীকে গ্রেফতার করেছে। তিতাস থানা পুলিশের ওসি মো. মনিরুল ইসলাম পিপিএম জানান, মামলার অপর আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।কামাল উদ্দিন/ এমএএস/পিআর