দেশজুড়ে

হোমনায় নিখোঁজ যুবকের মরদেহ বাঞ্ছারামপুরে উদ্ধার

কুমিল্লার হোমনায় নির্বাচনী সহিংসতার সময় মোতালেব (৩৮) নামের এক যুবক নিখোঁজ হওয়ার ৩০ ঘণ্টা পর বি-বাড়িয়ার বাঞ্ছারামপুরে মেঘনা নদী থেকে উদ্ধার করা হয়েছে। গত রোববার সন্ধ্যায় বাঞ্ছারামপুর উপজেলার রাধানগর এলাকার উত্তর পাশের আনারব্রিজ সংলগ্ন নদীর তীর থেকে অজ্ঞাত হিসেবে ওই যুবকের লাশ উদ্ধার করে বাঞ্ছরামপুর থানা পুলিশ। সোমবার বিকেলে খবর পেয়ে নিহতের পরিবার থানায় গিয়ে মোতালেবের মরদেহ সনাক্ত করে। মোতালেব হোমনা উপজেলার ঘাগুটিয়া ইউনিয়নের চুনারচর গ্রামের মৃত মুক্ত মিয়ার ছেলে। রাতে হোমনা থানা পুলিশের ওসি মো. আবুল ফয়সল মুঠোফোনে এসব তথ্য নিশ্চিত করেছেন। পুলিশ ও নিহতের পারিবারিক সূত্র জানায়, গত শনিবার হোমনায় ইউপি নির্বাচন চলাকালে হোমনার ঘাগুটিয়া ইউনিয়নের চুনারচর কেন্দ্রে বিএনপি ও জাতীয় পার্টির সমর্থকদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় মোতালেবসহ তিনজন নিখোঁজ হলেও অপর দুইজন রাতে ফিরে আসে। রোববার সন্ধ্যায় পার্শ্ববর্তী বাঞ্ছারামপুর উপজেলার রাধানগর এলাকায় মেঘনা নদী থেকে বাঞ্ছারামপুর থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সোমবার বেলা ১২টার দিকে বি-বাড়িয়া হাসপাতাল মর্গে প্রেরণ করে। খবর পেয়ে মোতালিবের বড় ভাই হামিদ মিয়া সোমবার বিকেলে থানায় গিয়ে মরদেহ সনাক্ত করে। এ বিষয়ে নিহতের বড় ভাই হামিদ মিয়া জানান, মোতালেব গত শনিবার চুনারচর ভোট কেন্দ্রে গিয়ে আর ফিরে আসেনি, প্রতিপক্ষরা তাকে হত্যা করে লাশ মেঘনায় ফেলে দেয়। হোমনা থানা পুলিশের ওসি মো. আবুল ফয়সল জানান, নির্বাচনের দিন সকালে ঘাগুটিয়া ইউনিয়নের বিএনপির প্রার্থী ও জাতীয় পার্টির সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় মোতালিবসহ কয়েকজন পানিতে পড়ে যায়। অন্যরা পানি থেকে উঠে আসলেও মোতালিবকে খুঁজে পায়নি তার পরিবারের লোকজন। পরদিন মেঘনায় তার মরদেহ ভেসে উঠে। বাঞ্ছারামপুর থানা পুলিশের ওসি অংশু কুমার দেব জানান, নির্বাচন নিয়ে সংঘর্ষ চলাকালে মোতালেব নিখোঁজ হয়েছিল, পরদিন নদীতে তার লাশ ভেসে উঠে, কিভাবে তার মৃত্যু হয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে। কামাল উদ্দিন/এমএএস/এবিএস