ক্যাম্পাস

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় খুলছে আজ

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) খুলছে আজ (মঙ্গলবার)। সোমবার আবাসিক হল খুলে দেয়া হয়েছে। মঙ্গলবার থেকে বিশ্ববিদ্যালয়ের ক্লাস পরীক্ষা চলবে। সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অফিস কক্ষে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আব্দুস সাত্তারের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় যশোরের জেলা প্রশাসক ড. হুমায়ূন কবীর ও যশোর পুলিশ সুপার আনিসুর রহমান উপস্থিত ছিলেন। বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার আমিনুল ইসলাম জানান, জেলা প্রশাসক, পুলিশ সুপারের সঙ্গে আলোচনা সভায় কয়েকটি সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সিদ্ধান্তগুলোর মধ্যে রয়েছে- বিশ্ববিদ্যালয় সচল রাখতে প্রশাসন থেকে সার্বিক সহযোগিতা প্রদান করা হবে। ছাত্র-ছাত্রীদের নিরাপত্তার স্বার্থে ক্যাম্পাসের ভেতর ও বাইরে পর্যাপ্ত সংখ্যক আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হবে। ক্যাম্পাস রাজনীতি মুক্ত রাখার জন্য সকল প্রকার মিছিল, মিটিং, সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। সকল ছাত্র-ছাত্রীকে শঙ্কা মুক্ত থেকে ক্লাসে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়। কেউ যদি ভয়-ভীতি প্রদশর্নের মাধ্যমে ক্লাস করা হতে বিরত রাখার চেষ্টা করে তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আইন শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে প্রশাসন থেকে কোনো প্রকার শৈথিল্য প্রদর্শন করা হবে না। উল্লেখ্য, উদ্ভূত পরিস্থিতির কারণে গত ৪ মে রিজেন্ট বোর্ডের সভায় বিশ্ববিদ্যালয়ের গ্রীষ্মকালীন ছুটি বাড়ানো হয়। ওই সভায় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্সের শিক্ষার্থী নাসিরউদ্দিন বাদল ও নিরাপত্তা প্রহরী বদিউজ্জামান বাদলের স্থায়ী বহিষ্কারাদেশ বহাল রাখা হয়। এছাড়া এক বছরের জন্য বহিষ্কার দুই ছাত্র মাইক্রো বায়োলজি বিভাগের কামরুজ্জামান কামাল ও জিইবিটি বিভাগের চতুর্থ বর্ষের রাশিদুজ্জামান রাজনকে বিশ্ববিদ্যালয় থেকে এক বছরের জন্য বহিষ্কারের বদলে হল থেকে বহিষ্কার করা হয়। ছাত্রদের বিরুদ্ধে শাস্তিমূলক সিদ্ধান্তের প্রতিবাদে টানা ১৭ দিন আন্দোলন করেন শিক্ষার্থীরা। ২৭ এপ্রিল এক পর্যায়ে শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনে তালা লাগিয়ে দেন। সেদিন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুরোধে পুলিশ ক্যাম্পাসে গিয়ে লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয় আন্দোলনরত শিক্ষার্থীদের। আটক করা হয় ২৭ ছাত্রকে। ওই দিন বিকেলে কর্তৃপক্ষ জরুরি সভা থেকে বিশ্ববিদ্যালয়ের দুটি হল খালি করার নির্দেশ দেয়। আর গ্রীষ্মের ছুটি এগিয়ে এনে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়।মিলন রহমান/এসএস/পিআর