দেশজুড়ে

যশোরে শেল্টার হোম থেকে তরুণীর পলায়ন

যশোরে ঢাকা আহছানিয়া মিশনের শেল্টার হোম থেকে এক তরুণী পালিয়েছে। পালানোর সময় আহত অপর বাকপ্রতিবন্ধী এক তরুণীকে উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।সোমবার রাতে যশোর সদর উপজেলার ভেকুটিয়ায় অবস্থিত শেল্টার হোমে এ ঘটনা ঘটেছে। পালিয়ে যাওয়া তানিয়া ও আহত হাওয়াকে প্রায় এক বছর আগে পুলিশ উদ্ধার করে শেল্টার হোমে পাঠিয়েছিল। তবে তাদের পূর্ণাঙ্গ ঠিকানা পুলিশ দিতে পারেনি। এ ঘটনায় মঙ্গলবার সকালে যশোর কোতোয়ালি মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। জিডি সূত্রে জানা গেছে, সোমবার রাতের কোনো এক সময় শেল্টার হোমে থাকা তানিয়া (১৮) ও বাকপ্রতিবন্ধী হাওয়া (২০) নামে দু’টি মেয়ে পালিয়ে যাওয়ার জন্য সিড়ির গ্রিল ভেঙে ছাদে ওঠে। এরপর পাইপ বেয়ে তানিয়া নেমে পালিয়ে গেলেও হাওয়া নামতে গিয়ে পড়ে আহত হয়। মঙ্গলবার সকালে তাকে উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঢাকা আহ্ছানিয়া মিশনের শেল্টার হোমের ম্যানেজার লাবণী সুলতানা জানান, তানিয়া এবং হাওয়া দু’টি মেয়েকেই প্রায় এক বছর আগে পুলিশ উদ্ধার করে আদালতের মাধ্যমে শেল্টার হোমে পাঠিয়েছিল। তানিয়া এর আগেও এই শেল্টার হোমে ছিল। তাকে প্রশিক্ষণ দিয়ে ঢাকায় চাকরির ব্যবস্থা করা হয়েছিল। সেখান থেকে পালানোর পর আবার উদ্ধার করে শেল্টার হোমে নিয়ে আসা হয়। এরপর তানিয়া আবার পালালো। আর বাকপ্রতিবন্ধী হাওয়াকে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল তানিয়া। লাবণী সুলতানা আরও জানান, আহত বাকপ্রতিবন্ধী হাওয়াকে উদ্ধার করে তারা চিকিৎসার ব্যবস্থা করেছেন। আর তানিয়াকে উদ্ধারের জন্য চেষ্টা চলছে। তারা এ ঘটনায় থানায় জিডি করেছেন। আর কেউ এই মেয়েটির কোনো খবর পেলে থানা বা শেল্টার হোমে প্রদানের জন্য তিনি অনুরোধ জানিয়েছেন। যশোর কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন জানান, শেল্টার হোম থেকে মেয়ে পালিয়ে যাওয়ার ঘটনায় থানায় জিডি হয়েছে। পুলিশ তাকে উদ্ধারের চেষ্টা করছে। মিলন রহমান/এসএস/আরআইপি