আগামী ২ জুন জাতীয় সংসদে বাজেট ঘোষণার কারণে বুধবার বিকেল ৫টা থেকে শনিবার পর্যন্ত বেনাপোল শুল্ক বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল ও কর্মস্থল ত্যাগ না করার জন্য নির্দেশনা দেয়া হয়েছে। ওই সময় বন্দর ব্যবহারকারীদের নতুন শুল্কায়ন সংক্রান্ত ‘বিল-অব এন্টি’ দাখিল ও মেনিফেস্ট এন্টি বন্ধ রাখতে বলা হয়েছে। তবে আগের দাখিলকৃত বিল অব এন্ট্রির মালামাল খালাস ও বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রফতানি চালু থাকবে। বেনাপোল কাস্টমস হাউজের অতিরিক্ত কমিশনার মো. ফিরোজ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ কথা বলা হয়েছে। বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট উত্থাপিত হবে তাই ‘পূর্ব সর্তকতামূলক’ ব্যবস্থা গ্রহণ ও ‘বাজেট ঘোষণা পরবর্তী করণীয়’ আলোচনার জন্য বুধবার বিকেল ৫টা থেকে শুক্রবার সকাল ৯টা পর্যন্ত শুল্কভবনে ‘বিল-অব এন্টি’ দাখিল ও মেনিফেস্ট এন্টি বন্ধ রাখা হয়েছে।এ সময়ে কোনো ধরনের বিল অব এন্ট্রি বাতিল বা কোনো ধরনের পরিবর্তন পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ থাকবে। যে সকল পণ্য চালানের আইজিএম দাখিল করা হয়েছে কিন্তু বিল অব এন্ট্রি দাখিল করা হয়নি সে সকল পণ্য চালান সনাক্ত করতে হবে। প্রয়োজনে কোনো পণ্য চালান শুল্কায়নের পূর্বে দাখিলকৃত আইজিএম এর সঙ্গে ক্রস চেক করতে হবে। শুক্রবার সকাল সাড়ে ৯ টায় বেনাপোল কাস্টমস ক্লাবে বাজেট ঘোষণা পরবর্তী করণীয় আলোচনার জন্য শুল্ক ভবনের সকল রাজস্ব কর্মকর্তাদের উপস্থিত থাকার জন্য নির্দেশ দেয়া হয়েছে। আগামী শনিবার কর্মকর্তা-কর্মচারীদের সার্বক্ষণিকভাবে কর্মস্থলে উপস্থিত থাকার নির্দেশ দেয়া হয়েছে। বেনাপোল কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়াডিং এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এমদাদুল হক লতা জানান, বেনাপোল কাস্টমস হাউজ থেকে কাস্টমস কমিশনারের পক্ষে অতিরিক্ত কমিশনার মো. ফিরোজ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক পত্রে বুধবার বিকেল ৫টা থেকে শুক্রবার সকাল ৯টা পর্যন্ত শুল্কভবনে ‘বিল-অব এন্টি’ দাখিল ও মেনিফেস্ট এন্টি বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে। বিষয়টি আমাদের সদস্যদের অবহিত করা হয়েছে। রোববার সকাল থেকে নতুনভাবে শুল্কায়ন সংক্রান্ত সকল কার্যক্রম চলবে।জামাল হোসেন/এসএস/পিআর