দেশজুড়ে

যশোরে পুলিশের সামনেই টেন্ডার বক্স ছিনতাই

যশোরে পুলিশের সামনে থেকে ৩ কোটি টাকার কাজের টেন্ডার জমা পড়া বক্স ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। বুধবার বেলা ১১টার দিকে গণপূর্ত বিভাগের যশোর অফিসের দ্বিতীয় তলা থেকে দরপত্র জমা পড়া বক্সটি ছিনিয়ে নেওয়া হয়।বিষয়টি নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানটির নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম। একইসঙ্গে তিনি চলমান দরপত্র বাতিল করে পুনরায় দরপত্র আহ্বান করা হবে বলে জানিয়েছেন।গণপূর্ত বিভাগ যশোরের নির্বাহী প্রকৌশলীর অফিস সূত্র মতে, দেশের ১৫টি জেলা শিল্পকলা একাডেমি নবায়ন, সংস্কার ও মেরামত কাজ শীর্ষক প্রকল্পের আওতায় যশোরে চারটি গ্রুপের কাজের জন্য দরপত্র আহ্বান করা হয়। এর মধ্যে যশোর শিল্পকলা একাডেমির মূল ভবন ও আনুষঙ্গিক অবকাঠামো সিভিল ও স্যানিটারি মেরামত, অভ্যন্তরীণ বৈদ্যুতিক লাইন মেরামতসহ সাউন্ড সিস্টেম সরবরাহ ও স্থাপন, ২০ কেভি জেনারেটর স্থাপন এবং ৩০০ কেভি সাব স্টেশনসহ ডাকট টাইপ এয়ারকুলার স্থাপন কাজ। এজন্য ১৯ মে দরপত্র আহ্বান করে ৮ জুন জমা দেওয়ার দিন নির্ধারণ করা হয়। কিন্তু এ দিন পুলিশের সামনে থেকেই জমা পড়া দরপত্রসহ বক্স ছিনতাই করে নিয়ে যায় দুর্বৃত্তরা। অফিসের কর্মকর্তারা জানিয়েছেন, ১৬টি দরপত্র বিক্রি হয়েছিলো। গণপূর্ত অফিস ছাড়াও জেলা প্রশাসকের কার্যালয়, পুলিশ সুপারের দফতরের সামনে দরপত্র জমা দেওয়ার বাক্স রাখা হয়েছিল। কিন্তু গণপূর্ত অফিসের নির্বাহী প্রকৌশলীর অফিসের বাক্সটি ছিনতাই করা হয়। সেখানে যশোর কোতোয়ালি থানার এসআই মাহফুজসহ ৪/৫জন পুলিশ দায়িত্বে ছিলেন। তাদের সামনে থেকে বাক্সটি দুর্বৃত্তরা নিয়ে গেলেও বাধা দেয়া হয়নি। এ বিষয়ে জানতে চাইলে উপপরিদর্শক (এসআই) মাহফুজ বলেন, আমরা গেটে দায়িত্ব পালন করছিলাম। ঠিকাদাররা দরপত্র ফেলতে এসে জমা পড়াগুলো নিয়ে গেছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, অনেকগুলো কাগজপত্র দেখে পুলিশ জিজ্ঞাসা করেছিলো, কিন্তু তাদের কাগজে ত্রুটি আছে, তাই আবার আসছে বলে কাগজগুলো নিয়ে যায় তারা। ফলে আমরা বুঝতে পারিনি।তবে অফিসের কর্মকর্তা ও কর্মচারীরা বলছেন, বক্সটি তালা দেয়া ছিলো। এটি খুলে জমা পড়া দরপত্র নেয়ার সুযোগ নেই। পুলিশের সামনে থেকে দরপত্রসহ বক্স নিয়ে যায় ছিনতাইকারীরা। পুলিশ দায় এড়াতে কৌশলী হয়ে এসব কথা বলছে।মিলন রহমান/এফএ/পিআর