দেশজুড়ে

গৃহবধূকে শ্বাসরোধে হত্যা : স্বামীসহ পাঁচজনের নামে মামলা

যশোরে আশা রাণী (২০) নামে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার সকালে নিহতের মরদেহ ময়নাতদন্ত করা হয়েছে। দুপুরে নিহতের মা বাদী হয়ে পাঁচজনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। এ ঘটনায় শুক্রবার সন্ধ্যায় দেবর তপন দাসকে আটক করেছে পুলিশ।নিহত আশা রাণী যশোর সদর উপজেলার সাড়াপোল গ্রামের ওই গৃহবধূর স্বামী পাচু দাসের স্ত্রী। আসামিরা হলেন, সদর উপজেলার নরেন দাসের ছেলে নিহতের স্বামী পাচু দাস, পাচু দাসের দুই ভাই তপন ও প্রদ্বীপ দাস, একই গ্রামের খোকন দাসের ছেলে অর্জন দাস ও মৃত গোসাই দাসের ছেলে তারক দাস। কেশবপুর উপজেলার কোমরপোল গ্রামের মৃত নকুল বিশ্বাসের স্ত্রী ও নিহত গৃহবধূ আশা রাণীর মা দেরদাসী মামলায় উল্লেখ করেন, ১১ মাস আগে তার মেয়েকে সাড়াপোল গ্রামের পাচু দাসের সঙ্গে বিয়ে দেয়া হয়। বিয়ের পর থেকে পাচু পরিবারের অন্যান্যদের কু-পরামর্শে আশাকে বিভিন্ন সময়ে শারীরিক ও মানসিক নির্যাতন করতো।গত বৃহস্পতিবার আশা রাণী বাড়িতে থাকা তিন হাজার টাকা খরচ করে। বিষয়টি জানতে পেরে আলার স্বামী পাচুসহ আসামিরা বিকেল ৫টার দিকে এলোপাতাড়িভাবে মারপিট করে। এক পর্যায়ে শ্বাসরোধে হত্যা করে মরদেহ ঘরের মধ্যে ফেলে পালিয়ে চলে যায়। প্রতিবেশিদের মাধ্যমে খবর পেয়ে আশাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। যশোর কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন জানান, এই ঘটনায় পাঁচজনের নামে মামলা হয়েছে। মিলন রহমান/এআরএ/এমএস