যশোরে বজ্রপাতে ও ঘরের টালি ভেঙে দুই বৃদ্ধের মৃত্যু হয়েছে। শনিবার মধ্যরাতে সদর উপজেলা ও ঝিকরগাছায় পৃথক এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- যশোরের ঝিকরগাছা উপজেলার খাসখালি গ্রামের মৃত এলাহী বক্সের ছেলে আব্দুল আজিজ (৮০) ও সদরের বানিয়াবহু গ্রামের তাহাজ্জত মোড়ল (৬৫)।ঝিকরগাছা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্যা খবির আহম্মেদ জানান, যশোরের ঝিকরগাছা উপজেলার খাসখালি গ্রামের মৃত এলাহী বক্সের ছেলে আব্দুল আজিজ নামে এক বৃদ্ধ মারা গেছেন। তার ছেলে শরিফুল ইসলামের বরাত দিয়ে ওসি জানান, তাদের বসতঘর বেড়া দিয়ে নির্মিত। ছাউনি টালির। মধ্যরাতে ঝড়-বৃষ্টির সময় টালি পড়ে আব্দুল আজিজ গুরুতর আঘাতপ্রাপ্ত হন। রাতেই তাকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে আনা হয়। এ সময় জরুরি বিভাগের চিকিৎসক আব্দুর রশিদ তাকে মৃত ঘোষণা করেন।অপরদিকে, যশোর কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস আলী জানিয়েছেন, যশোর সদরের বানিয়াবহু গ্রামে বজ্রপাতে ওয়ার্ড বিএনপির নেতা তাহাজ্জত মোড়ল (৬৫) মারা গেছেন। তিনি শনিবার রাত ১২টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে ঘরের বাইরে আসেন। ওই সময় পাশে একটি নারকেল গাছে বজ্রপাত হয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। চাঁচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিএনপি নেতা গোলাম মোস্তাফা জানান, নিহত তাহাজ্জত মোড়ল চাঁচড়া ইউনিয়নের এক নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক।মিলন রহমান/এসএস/পিআর