সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে ভোজ্য তেল বিক্রিসহ অবৈধ মজুতের বিরুদ্ধে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার (৮ এপ্রিল) বিকেলে সংস্থার বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক জাহাঙ্গীর আলমের নেতৃত্বে নগরীর সেনপাড়ার মেসার্স এস এস ট্রেডার্স ও গোমস্তপাড়ার আয়াত ট্রেডার্সের ভোজ্য তেলের গুদামে অভিযান চালানো হয়। অভিযানে সরকার নির্ধারিতের চেয়ে বেশি দামে তেল বিক্রি, বোতলের গায়ে তেলের উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ না থাকায় মেসার্স এসএস ট্রেডার্সকে ২০ হাজার এবং আয়াত ট্রেডার্সকে ৪০ হাজার টাকা জরিমানাসহ সতর্ক করা হয়।
এ সময় র্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী উপস্থিত ছিলেন।
অভিযান শেষে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক জাহাঙ্গীর আলম বলেন, ভোক্তাদের স্বার্থ সংরক্ষণ ও নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখতে নিয়মিত বাজার মনিটরিং করা হচ্ছে। সেইসঙ্গে সরকার নির্ধারিত দামে ভোজ্য তেল বিক্রি নিশ্চিত করা হচ্ছে।
জিতু কবীর/এএইচ/জেআইএম