দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বিএনপি নেতা মীর মোহাম্মদ নাসির উদ্দিনকে ১৩ বছর ও তার ছেলে ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনকে দেওয়া তিন বছরের দণ্ড থেকে খালাস দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আপিল আবেদনের শুনানি নিয়ে বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) এ রায় দেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ। আদালতে আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন সিনিয়র আইনজীবী জয়নুল আবেদীন ও ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী।
এর আগে ২০০৭ সালের ৬ মার্চ অবৈধ সম্পদ অর্জন এবং সম্পদের তথ্য গোপনের অভিযোগে মীর নাসির ও তার ছেলে মীর হেলালের বিরুদ্ধে গুলশান থানায় মামলা করে দুদক। এ মামলায় বিশেষ জজ আদালত একই বছরের ৪ জুলাই এক রায়ে মীর নাসির উদ্দিনকে ১৩ বছর এবং মীর হেলালকে তিন বছরের কারাদণ্ড দেন।
এ রায়ের বিরুদ্ধে তারা হাইকোর্টে পৃথক দুটি আপিল করেন। হাইকোর্ট ২০১০ সালের ১০ আগস্ট মীর নাসিরের এবং একই বছরের ২ আগস্ট মীর হেলালের সাজা বাতিল করে রায় দেন।
হাইকোর্টের ওই রায় বাতিল চেয়ে দুদক আপিল আবেদন করে। ২০১৪ সালের ০৪ জুলাই বৃহস্পতিবার দুদকের আবেদন মঞ্জুর করে রায়ে দেন আপিল বিভাগ।
রায়ে মীর মোহাম্মদ নাসির উদ্দিন ও তার ছেলে ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনকে দুর্নীতি মামলায় খালাস দিয়ে হাইকোর্টের দেওয়া রায় বাতিল করেছেন। একইসঙ্গে মামলাটির আপিল আবেদন পুনরায় হাইকোর্টে শুনানির নির্দেশ দেওয়া হয়।
সে অনুসারে এর আগে আপিল বিভাগের আদেশে এই মামলায় পুনরায় শুনানি শেষে বিচারপতি এ কে এম আব্দুল হাকিম ও বিচারপতি ফাতেমা নজীবের হাইকোর্ট বেঞ্চ ২০১৯ সালের ১৯ নভেম্বর রায় দেন। সে রায়ের পর আত্মসমর্পণ করে লিভ টু আপিল করেন মীর নাসির ও মীর হেলাল।
এফএইচ/এমএএইচ/জেআইএম