দেশজুড়ে

তিতাসের ৩৫ হাজার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন

গাজীপুরের শ্রীপুরে প্রায় ২৫ কিলোমিটার গ্যাস লাইন ও প্রায় ৩৫ হাজার অবৈধ আবাসিক সংযোগ বিচ্ছিন্ন করেছেন তিতাস গ্যাস কর্তৃপক্ষ। মঙ্গলবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। গাজীপুর তিতাস গ্যাসের ব্যবস্থাপক প্রকৌশলী সাব্বির আহমেদ চৌধুরী জানান, সকাল থেকে বিকাল পর্যন্ত শ্রীপুরের সহকারী কর্মকর্তা (ভূমি) মো. মাসুম রেজার নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। অভিযানে কেওয়া এলাকায় অবৈধভাবে স্থাপিত ২ ইঞ্চি ব্যাসের প্রায় ১০ কিলোমিটার গ্যাস পাইপ লাইনের সংযোগস্থল থেকে অপসারণ করে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এতে প্রায় ১৫ হাজার বাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন হয়। এছাড়া একই এলাকায় অবৈধভাবে স্থাপিত ২ ইঞ্চি ব্যাসের আরো প্রায় ১৫ কিলোমিটার গ্যাস পাইপ লাইনের সংযোগস্থল অপসারণ করা হয়। এতে প্রায় ২০ হাজার বাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার খবর পেয়ে অবৈধ গ্যাস ব্যবহারকারীরা পালিয়ে যায়।অভিযানকালে গাজীপুর তিতাস গ্যাসের মহাব্যবস্থাপক প্রকৌশলী এস.এম. আব্দুল ওয়াদুদ, ব্যবস্থাপক প্রকৌশলী সাব্বির আহমেদ চৌধুরী, ভালুকা অঞ্চলের ব্যবস্থাপক মো. শাহাবুদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।                    আমিনুল ইসলাম/এসএস/এমএস