দেশজুড়ে

পরিবহন শ্রমিক নেতাকে আটকের অভিযোগ, মহাসড়ক অবরোধ

যশোর জেলা যুবলীগের সদস্য ও পরিবহন শ্রমিক নেতা মুনসুর আলমকে আটক করেছে সাদা পোশাকধারী একদল পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় বাড়ি থেকে তাকে আটক করা হয়। মুনসুর আলমের আটকের খবরে উপশহরস্থ খাজুরা বাসস্ট্যান্ডে যানবাহন আড় করে দিয়ে সড়ক অবরোধ করে রাখে জেলা পরিবহন সংস্থা শ্রমিক সমিতির নেতাকর্মীরা।একইভাবে মণিহার এলাকাতেও সড়ক অবরোধ করে রাখা হয়। এ নিয়ে চরম উত্তেজনা বিরাজ করছে। তার মুক্তি দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে যশোর পরিবহন সংস্থা শ্রমিক সমিতি। তবে পুলিশের পক্ষ থেকে তাকে আটকের ব্যাপারে স্বীকার করা হয়নি।জানা গেছে, মুনসুর আলম জেলা যুবলীগের সদস্য। এছাড়া তিনি জেলা পরিবহন সংস্থা শ্রমিক সমিতি উপশহরের খাজুরা বাসস্ট্যান্ড শাখার সম্পাদক। মঙ্গলবার মসজিদ থেকে মাগরিবের নামাজ শেষে সি-ব্লকের বাসায় ফেরেন মুনসুর আলম। এসময় সাদা পোশাকধারী কয়েক ব্যক্তি ডিবি পুলিশ পরিচয়ে একটি মাইক্রোবাসে উপশহর এলাকায় যান। এরপর তাকে বাড়ি থেকে তুলে নিয়ে যায়। তবে যাওয়ার সময় মাজেদুল হক নামে এক পুলিশ পরিদর্শকের একটি ভিজিটিং কার্ড তার পরিবারের কাছে দিয়ে চলে যায়। ভিজিটিং কার্ড দিয়ে ওই ব্যক্তি তার সঙ্গে যোগাযোগ করতে বলেন।এখবর ছড়িয়ে পড়লে জেলা পরিবহন সংস্থা শ্রমিক সমিতির পক্ষ থেকে ঢাকা-খুলনা মহাসড়ক, উপশহরের খাজুরা বাসস্ট্যান্ড ও মণিহার এলাকায় সড়ক অবরোধ করা হয়। একই সঙ্গে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করা হয়েছে। রাত সাড়ে ৯টায় এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত সড়ক অবরোধ ছিল।এদিকে যোগাযোগ করা হলে উপশহর ক্যাম্প পুলিশের ইনচার্জ এসআই বিপ্লব হোসেন বলেন, তিনিও খবর পেয়েছেন মুনসুর আলমকে কে বা কারা ধরে নিয়ে গেছে। যারা ধরে নিয়ে গেছে তাদের একজন নিজেকে পুলিশ পরিদর্শক মাজেদুল হক পরিচয় দিয়ে একটি ভিজিটিং কার্ড মুনসুরের পরিবারকে দিয়ে গেছেন বলে জানতে পেরেছেন। ওই কার্ডে তিনটি মোবাইল ফোন নম্বর রয়েছে। কিন্তু তিনি এখনো ওই ফোন নম্বর সংগ্রহ করতে পারেননি।অপরদিকে যোগাযোগ করা হলে যশোর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহমেদ হাশমী বলেন, ডিবি পুলিশ মুনসুর আলম নামে কাউকে আটক করেনি। তাছাড়া তাদের মাজেদুল হক নামেও কোনো কর্মকর্তা নেই।মিলন রহমান/বিএ