দুর্গোৎসব কেন্দ্র করে নাশকতার অপচেষ্টা চলছে বলে অভিযোগ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বাংলাদেশকে কেউ উপনিবেশে পরিণত করতে পারবে না।
তিনি বলেন, এবারও দুর্গাপূজা কেন্দ্র করে একটি পরাজিত শক্তি নানা ধরনের নাশকতার পরিকল্পনা করেছিল। কিন্তু অতীতের মতো এবারও তা ব্যর্থ হয়েছে। দেশবাসী ঐক্যবদ্ধভাবে এই ষড়যন্ত্র প্রতিহত করেছে।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে অপশক্তিকে প্রতিহত করা হবে। এ দেশের মানুষ বারবার ষড়যন্ত্রের জাল ছিন্ন করেছে, এবারও (অপশক্তিকে) সফল হতে দেব না।
বিএনপির এই নেতা বলেন, চক্রান্ত আছে, ষড়যন্ত্র আছে-কিন্তু সব ষড়যন্ত্রের বেড়াজালকে বারবার ছিন্ন করেছে এ দেশের সব ধর্ম-বর্ণের মানুষ। দেশের ভেতর ও বাইরে থেকে নানা অপপ্রচার ও অপতথ্য ছড়ানোর চেষ্টা হয়েছে। কিন্তু মানুষের মধ্যে যেই আত্মীয়তাবোধ, সম্প্রীতির বন্ধন-সেটাই এই ষড়যন্ত্রকে রুখে দিয়েছে।
তিনি আরও বলেন, সব ষড়যন্ত্রের মধ্যেও আজকের এই পূজা অত্যন্ত আনন্দঘন পরিবেশে হচ্ছে। সারাদেশ আজ প্রাণচঞ্চল।
তিনি সরকারের উদ্দেশ্যে বলেন, দেশে শান্তি ও সম্প্রীতির পরিবেশ বজায় রাখতে হলে সব সম্প্রদায়ের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করতে হবে। রাষ্ট্রীয় সুরক্ষা ব্যবস্থাকে নিখুঁত রাখতে হবে, যাতে কোনো ধরনের উসকানি বা হামলা সফল না হয়।
এসময় বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এমএইচএ/এমআইএইচএস/এএসএম