প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেছেন, বঙ্গবন্ধু এবং তার পরিবারের হত্যা, জেল হত্যা, যুদ্ধাপরাধীসহ অনেক মামলার চূড়ান্ত রায় আমি দিতে পেরেছি। বঙ্গবন্ধু হত্যা মামলা আইনে যেগুলো ত্রুটি ছিল, সেগুলো আমি সংশোধন করতে পেরেছি। জেল হত্যা মামলায় দুঃখজনক হলেও সত্যি, আমি একাই ডিসেনটিং রায় দিয়েছিলাম। সেখানে ষড়যন্ত্র প্রমাণিত হলো কিন্তু ষড়যন্ত্রের জন্য তাদের শাস্তি হলো না, আমি স্তম্ভিত হয়ে গেলাম। তিনি রোববার দুপুরে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পরিদর্শন করে এসব কথা বলেন। এসময় তার সঙ্গে কারামহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখারুজ্জামান, গাজীপুরের জেলা প্রশাসক এসএম আলম, পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশিদ, হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. মিজানুর রহমান, কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এর সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা, কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর সিনিয়র জেল সুপার প্রশান্ত কুমার বণিকসহ কারাগারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে প্রধান বিচারপতি কারাগারে এসে পৌঁছলে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে কারা অফিস কক্ষে কারাগারের উপর নির্মিত দুটি প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়।প্রধান বিচারপতি কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর অভ্যন্তরে কারা লাইব্রেরি, পাওয়ার লুম সেকশন, কারাবন্দি পুনর্বাসন স্কুল, কারা বেকারি, প্রশিক্ষণ কক্ষ, আসবাবপত্র তৈরি স্কুল, কারা ডিজিটাল প্রিন্টিং প্রেস, গার্মেন্ট প্রশিক্ষণ কেন্দ্র, দর্জি প্রশিক্ষণ, সূচি শিক্ষা, হস্তশিল্প, রন্ধনশালা এবং ২০০ শয্যাবিশিষ্ট্ কারা হাসপাতাল পরিদর্শন করেন। তিনি কারা অভ্যন্তরে বন্দিদের মামলা সংক্রান্ত বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং তা নিরসনের জন্য ব্যবস্থা নেয়ার আশ্বাস প্রদান করেন। আমিনুল ইসলাম/এমএএস/পিআর