বোমাকে বল ভেবে খেলতে গিয়ে বিস্ফোরণে যশোর শহরতলীর শেখহাটিতে শাওন হাসান নামে ১৪ বছরের এক কিশোরের ডান হাতের কবজি উড়ে গেছে। শুক্রবার দুপুরে বাড়ির সামনে লিচুবাগানে খেলা করার সময় এ ঘটনা ঘটে। সে শেখহাটি জামরুলতলা মোড় এলাকার কোরবান আলীর ছেলে।আহত শাওন হাসানকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। এর আগে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছিল।শাওনের মা তহমিনা বেগম জানান, দুপুরে শাওন বাড়ির সামনে বন্ধুদের সঙ্গে খেলা করছিল। এসময় একটি বল সাদৃশ্য বোমা পায় তারা। কিন্তু তারা বুঝতে না পেরে বোমা নিয়ে খেলা করছিল। এক পর্যায়ে সেটা বিস্ফোরণ ঘটে। এসময় শাওন হাসানের ডান হাতের কবজি উড়ে যায়। এরপর তাকে দ্রুত যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকরা তাকে ঢাকা মেডিকেলে রেফার্ড করেন।চিকিৎসক রাজির পাল জানান, বোমা বিস্ফোরণে কিশোরটির ডান হাতের কবজি উড়ে গেছে। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। উপ-শহর পুলিশ ফাঁড়ির এসআই বিপ্লব হোসেন ও কোতোয়ালি থানার ওসি ইলিয়াস হোসেনের কাছে এ বিষয়ে জানতে চাইলে তারা জানায়, এ ধরনের কোনো তথ্য জানা নেই।মিলন রহমান/এআরএ/এমএস