যশোরের কেশবপুরে স্কুলছাত্র বিল্লাল হোসেনকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার রাতে উপজেলার ভাণ্ডারখোলা মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন এলাকার মাঠে এই ঘটনা ঘটে। রোববার দুপুরের দিকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।নিহত বিল্লাল হোসেন উপজেলার ভাণ্ডারখোলা গ্রামের দিনমজুর রেজওয়ান সরদারের ছেলে। সে উপজেলার হাসানপুর মুক্তিযোদ্ধা কারিগরি মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ড্রেস মেকিং অ্যান্ড টেইলারিং শাখায় লেখাপড়া করতো। বিষয়টি নিশ্চিত করেছেন হাসানপুর মুক্তিযোদ্ধা কারিগরি মাধ্যমিক বিদ্যালয়ের সুপারিনটেনডেন্ট সামছুন নাহার।নিহতের বাবা রেজওয়ান সরদার জানান, বিল্লাল মোটরভ্যান চালিয়ে লেখাপড়াসহ সংসারের খরচ চালাতো। বিল্লালের সহপাঠী একই এলাকার আব্দুল মান্নানের ছেলে রানা শনিবার সন্ধ্যার পর মোবাইল ফোনে তাকে স্থানীয় বাজারে আসতে বলে। এরপর বিল্লাল আর বাড়ি ফেরেনি।কেশবপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) শেখ মাসুদুর রহমান জানান, ভাণ্ডারখোলা গ্রামের ওহাব আলী নামে এক কৃষক সকালে পটোল ক্ষেতে যাচ্ছিলেন। যাওয়ার পথে মরদেহ পড়ে থাকতে দেখে আশপাশের লোকজনকে খবর দেয়। এসময় স্থানীয়রা পুলিশকে খবর দিলে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় অজ্ঞাত আসামি করে থানায় মামলা দায়ের করা হয়েছে।মিলন রহমান/এআরএ/এমএস