ঈদ-উল-ফিতর ও সাপ্তাহিক ছুটির কারণে টানা ৯দিন বন্ধ থাকার পর রোববার সকাল থেকে যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে শুরু হয়েছে আমদানি-রফতানি বাণিজ্য। স্থবির হয়ে পড়া স্থলবন্দরে এখনো ফিরে আসেনি কর্মচাঞ্চল্য। সোমবার থেকে পুরোদমে কাজ হবে কাস্টমস ও বন্দরে। বন্ধের কবলে পড়ে দুই পাশের বন্দর এলাকায় আটকে পড়া আমদানি-রফতানি পণ্য বোঝাই শত শত ট্রাক বন্দর এলাকায় প্রবেশ করছে। অন্যদিকে স্বাভাবিক রয়েছে বাংলাদেশ-ভারতের মধ্যে পাসপোর্টধারী যাত্রীদের চলাচল। বেনাপোল চেকপোস্ট কাস্টমস কার্গো শাখার সহকারী রাজস্ব অফিসার জমির হোসেন জানান, ৩০ জুন বৃহস্পতিবার বিকেল থেকে বন্ধ হয়ে যায় বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রফতানিসহ কাস্টম ও বন্দরের কার্যক্রম। রোববার সকাল থেকে পুরোদমে আমদানি-রফতানি কার্যক্রম শুরু হয়েছে। বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে প্রতিদিন ৩০০ থেকে সাড়ে ৩০০ পণ্যবাহী ট্রাক আমদানি পণ্য নিয়ে বেনাপোল বন্দরে প্রবেশ করে। আর বাংলাদেশ থেকে ১৫০ থেকে ২০০ ট্রাক পণ্য ভারতে যায়। এছাড়াও শিল্প প্রতিষ্ঠানের কাচাঁ মালামালের পাশাপাশি বিভিন্ন খাদ্যদ্রব্য আসে এই বন্দর দিয়ে। তবে ভারতের পেট্রাপোল বন্দর থেকে খুব ধীর গতিতে পণ্যবাহী ট্রাক বাংলাদেশে প্রবেশ করছে বলে চেকপোস্ট কার্গো শাখা থেকে জানা গেছে। বেনাপোল চেকপোস্ট কাস্টমস কার্গো শাখার রাজস্ব অফিসার অমিত বিশ্বাস জানান, রোববার সকাল থেকে দুই দেশের মধ্যে আমদানি-রফতানি পুরোদমে চলছে। বেলা ৫টা পর্যন্ত ভারত থেকে ২১০টি পণ্যবাহী ট্রাক বেনাপোল বন্দরে প্রবেশ করেছে। আর বাংলাদেশ থেকে রফতানি পণ্য নিয়ে ৫২টি ট্রাক ভারতের পেট্রাপোল বন্দরে প্রবেশ করেছে। আমরা আমদানি পণ্য বেশি করে নিতে চাইলেও ভারত থেকে তেমনটি সাড়া পাচ্ছি না। অন্যদিন যেখানে ৩৫০ থেকে ৪০০ ট্রাক পণ্য আমদানি হয় সেখানে আজ অর্ধেক হয়েছে। দুই একদিনের মধ্যে স্বাভাবিক হয়ে আসবে বলে তিনি আশা করেন। জামাল হোসেন/এআরএ/এবিএস