নারী নেতৃত্ব সমাজকে আরও দৃঢ় ও সাহসী করে তোলে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি বলেন, নারীদের চিন্তা-ভাবনা ও অগ্রযাত্রা জাতির উন্নয়নকে ত্বরান্বিত করে।
রোববার (৮ মার্চ) বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শামা ওবায়েদ বলেন, এবারের নারী দিবসের প্রতিপাদ্য ‘আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার; সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার’ আমাদের মনে করিয়ে দেয় যে নারীর মর্যাদা নিশ্চিত করা শুধু নৈতিক দায়িত্ব নয়, এটি জাতীয় অগ্রগতির অন্যতম ভিত্তি।
তিনি বলেন, নারীরা শিক্ষিত হলে জাতি আলোকিত হয়, প্রেরণা পেলে এগিয়ে যায় এবং নেতৃত্ব দিলে সমাজ দৃঢ় হয়ে ওঠে।
তিনি আরও বলেন, জাতীয় প্রেসক্লাব বহু ইতিহাসের সাক্ষী। জ্যেষ্ঠ সাংবাদিক মমতাজ বিলকিস বানুকে দেখে আরও অনেক নারী সাংবাদিকতাকে পেশা হিসেবে বেছে নিতে অনুপ্রাণিত হবেন।
১৯৭১ সালের মুক্তিযুদ্ধে বীরাঙ্গনাদের অবদানের কথা স্মরণ করে তিনি বলেন, স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য বাংলার নারীরা অসামান্য ত্যাগ স্বীকার করেছেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, দেশের অর্থনীতির চালিকাশক্তি হিসেবে পোশাক শিল্পে নারী শ্রমিকদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়া করপোরেট খাত, চিকিৎসা, শিক্ষা, আইন, ক্রীড়া, শিল্প ও সাংবাদিকতাসহ বিভিন্ন ক্ষেত্রে নারীরা এগিয়ে যাচ্ছেন। জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমেও বাংলাদেশের নারীরা উল্লেখযোগ্য সাফল্য অর্জন করছেন।
তিনি বলেন, নারীর ক্ষমতায়ন ও সমতা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। নারীদের জন্য অবৈতনিক শিক্ষা কার্যক্রম চালু এবং দরিদ্র পরিবারের অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। পাশাপাশি অনলাইন হয়রানি, লিঙ্গভিত্তিক সহিংসতা, ধর্ষণ, নির্যাতন ও নারী-শিশু পাচার প্রতিরোধে দ্রুত বিচার নিশ্চিতের উদ্যোগ নেওয়া হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজ। এতে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভুঁইয়া, ব্যবস্থাপনা কমিটির সদস্য সৈয়দ আবদাল আহমেদ ও ক্রীড়া উপকমিটির আহ্বায়ক শাহনাজ বেগম পলি।
অনুষ্ঠানে জ্যেষ্ঠ সাংবাদিক মমতাজ বিলকিস বানুকে জাতীয় প্রেসক্লাবের পক্ষ থেকে সম্মাননা দেওয়া হয়। সম্মাননা গ্রহণ করে তিনি বলেন, জাতীয় প্রেসক্লাবের এই স্বীকৃতি একজন সাংবাদিকের জন্য অত্যন্ত সম্মানের।
রোকেয়া সাখাওয়াত হোসেন থেকে শুরু করে সংগ্রাম করে প্রতিষ্ঠিত হওয়া সব নারীর প্রতি তিনি শ্রদ্ধা জানান।
জেপিআই/এমআইএইচএস