সুনামগঞ্জে অবৈধভাবে তেল মজুতের অভিযোগে এক ব্যবসায়ীকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (৮ মার্চ) বিকেলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সোয়াদ সাত্তার চৌধুরী তাকে এ দণ্ড দেন।
দণ্ডপ্রাপ্ত সোহেল চৌধুরী আহমেদাবাদ গ্রামের মৃত গিয়াস চৌধুরীর ছেলে।
খোঁজ নিয়ে জানা যায়, বিকেলে জেলার গৌরারং ইউনিয়নের আহমেদাবাদ পয়েন্টে চৌধুরী ট্রেডার্সের স্বত্বাধিকারী সোহেল চৌধুরীর দোকান তল্লাশি করা হয়। এসময় সেখানে অবৈধভাবে মজুত করা ১১ ব্যারেল পেট্রোল পাওয়া যায়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ছয়মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন সেখ বলেন, বাজারে জ্বালানি তেলের অবৈধ মজুত ও অতিরিক্ত মুনাফার লোভ রোধে অভিযান অব্যাহত থাকবে। এ ধরনের অপরাধ দমনে আমরা কঠোর অবস্থানে আছি।
লিপসন আহমেদ/এসআর/এমএস