বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ব্যাটিং কোচ হিসেবে চুক্তির মেয়াদ বাড়ল সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলের। ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত অর্থাৎ আগামী ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত জাতীয় দলের সঙ্গেই থাকছেন তিনি। আজ (রবিবার) জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন আশরাফুল নিজেই।
গেল বছর দুই সিরিজের জন্য দায়িত্ব নিয়ে জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে যাত্রা শুরু করেছিলেন আশরাফুল। এরপর টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত তার মেয়াদ থাকার কথা থাকলেও, আয়ারল্যান্ড সিরিজে দলের ব্যাটিং পারফরম্যান্সে সন্তুষ্ট হয়ে বিসিবি তার সাথে চুক্তি নবায়ন করে ।
নতুন চুক্তির বিষয়ে মোহাম্মদ আশরাফুল জাগো নিউজকে বলেন, ‘আলহামদুলিল্লাহ! আয়ারল্যান্ড সিরিজের কাজ ভালো হয়েছে। বোর্ড আমার সাথে কন্টিনিউ করছে এবং ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত এক বছরের নতুন চুক্তি দিয়েছে। ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত এই সিস্টেমেই এগোবে সব।’
আরও দীর্ঘমেয়াদী চুক্তি হলে ভালো হতো কি না প্রশ্নের উত্তরে টেস্টের সর্বকনিস্ট এই সেঞ্চুরিয়ান বলেন, ‘না, সমস্যা নেই এক বছর ঠিক আছে। ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত। এক বছরে সিস্টেম যেটা হয় এইভাবে।’
তবে চুক্তির আর্থিক বিষয় নিয়ে মুখ খুলতে চাননি তিনি। হেসেই বললেন, ‘এগুলো জানানোর দরকার নেই, শুধু দোয়া করবেন যেন ভালো কিছু করতে পারি।’
ইতিমধ্যে নতুন চুক্তির দায়িত্ব শুরু করেছেন আশরাফুল। এ দফায় তার প্রথম অ্যাসাইনমেন্ট পাকিস্তান সিরিজ। ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে টাইগাররা। আগামী ১১, ১৩ এবং ১৫ মার্চ মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজটি।
এসকেডি/আইএইচএস/