চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান বলেছেন, দেশে দীর্ঘদিনের সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল ঐতিহ্য রয়েছে। এ ঐতিহ্য রক্ষা করা সবার দায়িত্ব। ভিন্নমতের প্রতি শ্রদ্ধা রেখে সবাইকে নিয়ে একটি সম্প্রীতির বাংলাদেশ গড়ে তুলতে হবে।
রোববার (৮ মার্চ) বিকেলে চট্টগ্রাম নগরের নন্দনকাননে অবস্থিত তুলসীধামে ঋষিকুল শিরোমণি স্বামী নারায়ণ পুরী মহারাজের মহাপ্রয়াণের ১১তম বর্ষ উপলক্ষে আয়োজিত তিন দিনব্যাপী স্মরণ উৎসবের প্রথম দিনের ধর্মসভায় সংবর্ধিত অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঋষিধাম অধিপতি ও তুলসীধামের মোহন্ত দেবদীপানন্দ পুরী মহারাজ। স্বাগত বক্তব্য দেন অনুষ্ঠান পরিচালনা কমিটির সভাপতি হরিশংকর ধর।
অ্যাডভোকেট সুজন কান্তি দের সঞ্চালনায় বক্তব্য দেন সাধারণ সম্পাদক পলাশ কান্তি ধর, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি সৌরভ প্রিয় পাল এবং অদ্বৈত-অচ্যুত মিশন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হিরন্ময় ধর। এসময় অতিথিদের ফুল ও উত্তরীয় দিয়ে বরণ করেন তুলসীধাম পরিচালনা পরিষদের সদস্যরা।
এমআরএএইচ/এমআইএইচএস