দেশজুড়ে

যাত্রীবাহী বাস থেকে দুইটি ভাল্লুক শাবক উদ্ধার

কক্সবাজারের চকরিয়ায় রাতের আঁধারে পাচারকালে যাত্রীবাহী বাস থেকে দুইটি ভাল্লুক শাবক উদ্ধার করেছে বনবিভাগ। মঙ্গলবার ভোরে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের নলবিলা ফরেস্ট বিট কাম চেক স্টেশনের কর্মকর্তা-কর্মচারীরা সেন্টমার্টিন পরিবহনের একটি বাস থেকে শাবক দুইটি উদ্ধার করে। নলবিলা বিটের বিট কর্মকর্তা মো.মামুন মিয়া বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে কক্সবাজার থেকে ছেড়ে আসা সেন্টমার্টিন পরিবহনের যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। এসময় ওই বাসের বক্সের ভিতর থেকে চটের বস্তা মোড়ানো অবস্থায় একটি কার্টুন থেকে দুইটি ভাল্লুকের শাবক উদ্ধার করা হয়। উদ্ধারকৃত প্রতিটি ভাল্লুকের বয়স হবে আনুমানিক ৬ থেকে ৭ মাস এবং ওজন ৪/৫ কেজি। তিনি আরো বলেন, ধারণা করা হচ্ছে উদ্ধার হওয়া ভাল্লুক শাবক দুইটি পার্বত্য এলাকার আলী কদমের গহীন অরণ্য থেকে ধরে এনে পাচারের উদ্দেশ্যে ঢাকা নিয়ে যাওয়া হচ্ছিল। ডুলাহাজারা বঙ্গবন্ধু সাফারি পার্কের রেঞ্জ কর্মকর্তা মো.নুরুল হুদা বলেন, উদ্ধারকৃত ভাল্লুক শাবক দুইটি দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে হস্তান্তর করা হয়েছে। বিকালে শাবক দুইটি পার্কের নির্ধারিত বেস্টনিতে অবমুক্ত করা হয়েছে।সায়ীদ আলমগীর/এআরএ/এবিএস