নারায়ণগঞ্জের ফতুল্লায় এক সময়ের মাদকের আস্তানা হিসেবে খ্যাত চাঁদমারী এলাকাতে অভিযান চালিয়ে ৪৯ মাদকসেবী ও বিক্রেতাকে গ্রেফতার করা হয়েছে।বুধবার রাতের কয়েক ঘণ্টার অভিযানে তাদের গ্রেফতার করা হয়। এসময় নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গাউছুল আজমের নেতৃত্বে ফতুল্লা মডেল থানা পুলিশ, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর ও স্থানীয় এলাকাবাসী এ অভিযান চালান।অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গাউছুল আজম জানান, বুধবার এলাকাবাসীই প্রথম মাদকের বিরুদ্ধে অভিযান শুরু করে। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর ও পুলিশ সদস্যসহ আনসার সদস্যরা এতে যোগ দেয়। অভিযানে ৪৯ জনকে গ্রেফতার করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের দণ্ড দেওয়া হবে।প্রসঙ্গত, চাঁদমারী এলাকাটি মাদকের স্বর্গরাজ্য হিসেবে এক সময় পরিচিত ছিল। তিন বছর আগে গাউছুল আজম সদরের নির্বাহী কর্মকর্তা হিসেবে আসলে সেখানে ‘স্বপ্নডানা’ নামের একটি স্কুল প্রতিষ্ঠা করে সুবিধা বঞ্চিত শিশুদের পাঠদান করার ব্যাবস্থা করেন। পরে মাদক ব্যবসা কিছুটা কমে আসে। তবে সম্প্রতি নানা কৌশলে সেখানে আবার মাদক বিক্রি শুরু হয়।শাহাদাত হোসেন/এফএ/আরআইপি