কক্সবাজারের টেকনাফে যাত্রীবাহী মিনিবাসে তল্লাশি চালিয়ে ৬০ লাখ টাকা মূল্যের প্রায় ২০ হাজার পিস ইয়াবাসহ চারজনকে আটক করেছে বিজিবি। আটকদের মধ্যে তিনজন নারী। এসময় তাদের কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ফোন জব্দ করা হয়েছে।রোববার সকালে টেকনাফ স্টেশন থেকে তাদের আটক করা হয়। আটকরা হলো- ঢাকার কদমতলী মুরাদপুর এলাকার মৃত শাহজাহান মিয়ার ছেলে কলিম আহাম্মদ হাফিজ (২৮), ফরিদপুর সদরের ওবাইদুর রহমানের স্ত্রী পারুল আক্তার সুমি (২০), ঢাকার শ্যামপুরের জুরাইন এলাকার মো. সেলিমের স্ত্রী আলো (৪৫) ও তার মেয়ে তিনা (১৬)।বিজিবি টেকনাফ-২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবুজার আল জাহিদ জানান, নিয়ম অনুযায়ী দমদমিয়া বিওপি চৌকির নায়েক মো. মোজাহিদুর রহমানের নেতৃত্বে বিজিবির সদস্যরা চেকপোস্টে কক্সবাজারগামী স্পেশাল বাস তল্লাশি চালায়। এসময় সন্দেহ হওয়ায় আটক যাত্রীদের শরীর তল্লাশি করে ১৯ হাজার ৯২৪ পিস ইয়াবা, নগদ ১৬ হাজার ৫৯৫ টাকা ও চারটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। জব্দকৃত ইয়াবার বাজার মূল্য প্রায় ৬০ লাখ টাকা। উদ্ধারকৃত ইয়াবা, টাকা ও মোবাইল ফোনসহ আটক নারী-পুরুষকে টেকনাফ থানায় হস্তান্তর করে মাদক আইনে মামলা করা হয়েছে।সায়ীদ আলমগীর/এআরএ/আরআইপি