নারায়ণগঞ্জের ফতুল্লার কাঠেরপুল শিল্পাঞ্চলে অবস্থিত বন্ধঘোষিত মোতালেব মনোয়ারা নামক গার্মেন্টের ৫৯০ জন পোশাক শ্রমিককে চাকরিচ্যুত করা হয়েছে। মঙ্গলবার বিকেলে বিকেএমইএর নারায়ণগঞ্জস্থ প্রধান কার্যালয়ে চাকরিচ্যুত শ্রমিকদের শ্রম আইন অনুযায়ী যাবতীয় পাওনাদি বাবদ প্রায় এক কোটি টাকা প্রদান করা হয়।জানা গেছে, গত ১২ জুলাই মোতালেব মনোয়ারা গার্মেন্টে শ্রমিক অসন্তোষ দেখা দিলে মালিকপক্ষ কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে। পরে বিকেএমইএ সভাপতি সংসদ সদস্য সেলিম ওসমান, জাতীয় শ্রমিক লীগের শ্রমিক উন্নয়ন ও কল্যাণ বিষয়ক সম্পাদক এবং ইউনাইটেড ফেডারেশন অব গার্মেন্ট ওয়ার্কার্স কেন্দ্রীয় কার্যকরী সভাপতি কাউসার আহম্মেদ পলাশের উপস্থিতিতে বিকেএমইএ, মালিকপক্ষ ও শ্রমিক প্রতিনিধিদের ত্রি-পক্ষীয় বৈঠকের পর মালিকপক্ষ শ্রম আইন অনুযায়ী শ্রমিকদের যাবতীয় বকেয়া পাওনা পরিশোধে সম্মত হয়।এসময় উপস্থিত ছিলেন বিকেএমইএর সহ-সভাপতি (অর্থ) জিএম ফারুক, মোতালেব মনোয়ারা গার্মেন্টের নির্বাহী পরিচালক লে. কর্নেল (অবসরপ্রাপ্ত) কাজী কবির, ইউনাইটেড ফেডারেশন অব গার্মেন্ট ওয়ার্কার্স জেলা কমিটির সাধারণ সম্পাদক কবির হোসেন রাজু, সহ-সভাপতি রফিকুল ইসলাম প্রমুখ। এছাড়া শিল্প পুলিশের সদস্যরাও এসময় উপস্থিত ছিলেন। শাহাদাত হোসেন/এআরএ/আরআইপি