যশোরের বাঘারপাড়ায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে চলে যাওয়ায় একজন নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছেন। বুধবার দুপুরে যশোর-নড়াইল সড়কের চাড়াভিটা বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত দিনমজুর রবিউল ইসলাম (৫৫) খুলনার কয়রা উপজেলার অর্জুনপুর গ্রামের বাসিন্দা। আহতদের মধ্যে ৬ জনকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরা হলেন- বাঘারপাড়া উপজেলার তেঘরিয়া গ্রামের রেক্সোনা (২২), একই গ্রামের মনসুর শেখের ছেলে নূর ইসলাম শেখ (৪২), বহরমপুর গ্রামের রুহুল আমিনের ছেলে রফিকুল ইসলাম (৩২), নওয়াপাড়া গ্রামের মৃত করিম সরদারের ছেলে লিয়াকত আলী (৫৮), জলিল (৪৫) ও আবদুল্লাহ (৪৫)।স্থানীয়রা জানান, বুধবার দুপুরে নড়াইল থেকে একটি যাত্রীবাহী বাস (যশোর জ ১১-০০১৫) যশোরের দিকে যাচ্ছিল। বাসটি বাঘারপাড়া উপজেলার চাড়াভিটা বাজারে স্কুলের পাশে নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতের ওপরে চলে যায়। এ সময় সেখানে বসে থাকা ব্যক্তিরা চাপা পড়েন। এতে ঘটনাস্থলে রবিউল নিহত ও অন্তত ১০ জন আহত হন। বাঘারপাড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছয়রুদ্দিন আহমেদ ঘটনাটি নিশ্চিত করেছেন। মিলন রহমান/এসএস/এবিএস