প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ‘উন্মাদ’ আখ্যা দিয়ে মার্কিন কংগ্রেসের ডেমোক্র্যাট সদস্যরা বলেছেন কংগ্রেসকে দ্রুত তার ব্যাপারে অধিবেশনে বসতে হবে। তারা আরও দাবি করেছেন, মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাদের বিপদের মুখে ঠেলে দেওয়া হয়েছে।
বর্তমানে দুই সপ্তাহের ছুটির কারণে কংগ্রেসের অধিবেশন চলছে না। খবর রয়টার্সের।
হাউজ ডেমোক্র্যাটিক লিডার হাকিম জেফ্রিস ও অন্য ডেমোক্র্যাটরা এক যৌথ বিবৃতিতে বলেছেন, ডোনাল্ড ট্রাম্প সম্পূর্ণ উন্মাদ। একটি সভ্যতাকে পুরোপুরি নিশ্চিহ্ন করার তিনি যে হুমকি দিয়েছেন তা অগ্রহণযোগ্য এবং এর পরিপ্রেক্ষিতে কংগ্রেসের পক্ষ থেকে যথাযথ ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
যৌথ বিবৃতিতে তারা বলেন, ইউনিফর্ম পরে আমাদের সাহসী পুরুষ ও নারীদের (সেনা) মধ্যপ্রাচ্যে বিপদের মুখে ঠেলে দেওয়া হয়েছে। এক ডজনেরও বেশি এরইমধ্যে নিহত হয়েছেন এবং অসংখ্য আহত হয়েছেন। গ্যাসের দাম হু হু করে বাড়ছে। আমেরিকায় জীবনযাপনের খরচ নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে এবং ট্যাক্সের টাকায় দেওয়া বিলিয়ন বিলিয়ন ডলার একটা বেপরোয়া যুদ্ধে খরচ করা হচ্ছে।
এর আগে মঙ্গলবার (৭ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, আজ রাতে একটি সভ্যতার মৃত্যু হবে, যা আর কখনোই ফিরে আসবে না। তিনি আরও যোগ করেন, আমি চাই না এমনটা ঘটুক, কিন্তু সম্ভবত এটিই হতে যাচ্ছে।
এদিকে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি) এক বিবৃতিতে জানিয়েছে, যুক্তরাষ্ট্র যদি ইরানের নাগরিক বা অবকাঠামোগত লক্ষ্যবস্তুতে হামলা চালায়, তবে তারা দ্বিধা ছাড়াই পাল্টা ব্যবস্থা নেবে।
বিবৃতিতে বলা হয়েছে, আমরা যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের অবকাঠামোকে এমনভাবে আঘাত করব যা তাদের এবং তাদের মিত্রদের জন্য এই অঞ্চলের তেল ও গ্যাস থেকে বঞ্চিত করবে।
এএমএ