দেশজুড়ে

সোনারগাঁয়ে ট্যাংকি বিস্ফোরণে শ্রমিক নিহত

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় মেঘনা গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান তাসমিন কেমিক্যাল লিমিটেডের ট্যাংকি বিস্ফোরণে মিলন চন্দ্র রায় নামের এক শ্রমিক নিহত হয়েছেন। শুক্রবার দুপুরে উপজেলার মেঘনা শিল্প নগরীর প্রতাপেরচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শ্রমিক মিলন চন্দ্র রায় রংপুর জেলার চব্বিশ হাজারী গ্রামের দেবেন্দ্র চন্দ্রের ছেলে।প্রত্যক্ষদর্শীরা জানায়, সোনারগায়ের মেঘনা গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান তাসমিন কেমিক্যাল লিমিটেডে ফিটার হিসেবে কর্মরত মিলন চন্দ্র রায়। শুক্রবার দুপুরে এইচপিএল ট্যাংকার পরিদর্শনে যান তিনি। এ সময় ট্যাংকারের ম্যানহোল খোলার সময় কেমিক্যাল বিস্ফোরিত হয়ে ঢাকনা উপরে উঠে যায়। এতে তার মাথায় আঘাত লেগে গুরুতর আহত হন। আহত অবস্থায় তাকে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।  সোনারগাঁ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. মঞ্জুর কাদের পিপিএম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় একটি মামলা হয়েছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। মো. শাহাদাত হোসেন/এএম/এমএস