দেশজুড়ে

এমপির কর্মসূচিতে অংশ নিয়ে ৪ ছাত্রী হাসপাতালে

যশোর সদর আসনের এমপি কাজী নাবিল আহমেদের কর্মসূচিতে অংশ নিয়ে প্রচণ্ড রোদে দাঁড়ানো চার ছাত্রী মাথা ঘুরে পড়ে গেছে। তাদেরকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টায় শহরতলির আল-হেরা কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।হাসপাতালে ভর্তি আহত চার ছাত্রী হলেন- বিজ্ঞান বিভাগের একাদশ শ্রেণির শিক্ষার্থী খাদিজা পারভীন তৃপ্তি, মানবিক বিভাগের একাদশ শ্রেণির ছাত্রী ফাতেমা খাতুন, দ্বাদশ শ্রেণির রোজিনা খাতুন ও রোকসানা পারভীন উর্মি। অসুস্থ শিক্ষার্থীরা জানায়, সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ শনিবার তাদের কলেজে আসবেন এজন্য শিক্ষকরা বিভিন্ন কর্মসূচি নেন। এ কর্মসূচি সফলের জন্য গত তিনদিন তারা প্র্যাকটিস করেছেন। শনিবার আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে তারা সকাল ৮টার দিকে খাওয়া-দাওয়া না করেই বাড়ি থেকে বের হয়ে কলেজে আসেন। সকাল ১০টার দিকে কলেজের অনুষ্ঠানে তারা অংশ নেন। এসময় প্রচণ্ড রোদ ছিলো। এতে তারা মাথা ঘুরে পড়ে যান। পরে তাদের হাসপাতালে নেয়া হয়। কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা জানিয়েছেন, শিক্ষার্থীদের প্রাতঃসমাবেশে কোরআন তেলাওয়াত, গীতাপাঠ শেষে জঙ্গিবাদ ও সন্ত্রাসবিরোধী শপথ বাক্য পাঠ করান এমপি কাজী নাবিল আহমদ। এরপর মানববন্ধন অনুষ্ঠিত হয়। তখন শিক্ষার্থীরা অসুস্থ হয়। হাসপাতালে অসুস্থ শিক্ষার্থীদের দেখতে আসা গার্হস্থ্য বিজ্ঞানের শিক্ষক ইয়াসমিন আক্তার জানান, অনুষ্ঠানে শিক্ষার্থীরা ১০-১৫ মিনিট ছিলো। কিন্তু তারা সকালে কোনো খাওয়া-দাওয়া না করায় অসুস্থ হয়ে পড়েন। তাদের স্যালাইনসহ বিভিন্ন ওষুধ দিয়েছেন চিকিৎসক। দ্রুত সুস্থ হয়ে উঠবেন বলে আশা করছি।কর্মসূচিতে কলেজের অধ্যক্ষ মফিজুল ইসলাম, উপাধ্যক্ষ সাইফুল ইসলামসহ কলেজের শিক্ষক-কর্মচারীরা উপস্থিত ছিলেন।মিলন রহমান/এমএএস/এমএস