কক্সবাজারের টেকনাফে গোপন বৈঠককালে রোহিঙ্গা জঙ্গি সংগঠন আরএসও’র নেতা ও বিদেশি নাগরিকসহ চারজনকে আটক করেছে বিজিবি। এ সময় তাদের কাছ থেকে একটি সৌদি পাসপোর্ট উদ্ধার করা হয়েছে। শনিবার দুপুর ২টার দিকে টেকনাফে শামলাপুর এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকদের পরে গ্রেফতার দেখানো হবে বলে জানিয়েছেন, টেকনাফ-২ বিজিবির কমান্ডার লে. কর্ণেল আবুজার আল জাহিদ। আটকরা হলেন, মিয়ানমারের রোহিঙ্গা জঙ্গি সংগঠন আরএসওর নেতা হাফেজ সালাউল ইসলাম, সৌদি নাগরিক আহমেদ সালেহ আল খামদি ও মাওলানা ছৈয়দ করিম। ছৈয়দ করিম টেকনাফ উপজেলা চেয়ারম্যান জাফর আলমের বেয়াই।বিজিবির টেকনাফ-২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবুজার আল জাহিদ জানান, টেকনাফের বাহারছড়া ইউনিয়নের শামলাপুরে মসজিদ উদ্বোধনের নামে কিছু বিদেশি নাগরিক ও স্থানীয় কিছু রোহিঙ্গা গোপন বৈঠক করবে এমন খবর ছিল। এমন খবরের ভিত্তিতে অভিযান চালানোর জন্য একটি বিশেষ টাস্ক ফোর্স গঠন করা হয়। বিজিবি, পুলিশ ও ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভিযান চালিয়ে গোপন বৈঠক চলছিল সে বাড়ির মালিক ছৈয়দ করিমকে আটক করা হয়। তার দেয়া তথ্যে অন্য একটি বাড়ি থেকে হাফেজ সালাউল ইসলাম ও সৌদি নাগরিক আহমেদ সালেহ আল খামদি আটক করা হয়।লে. কর্নেল আবুজার আল জাহিদ জানান, তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য টেকনাফ ব্যাটালিয়ন দফতরে আনা হয়েছে। তবে সন্ধ্যা ৭টা পর্যন্ত আটকদের আইন প্রয়োগকারী সংস্থার হাতে হস্তান্তর করা হয়নি। সায়ীদ আলমগীর/এএম/এমএস