মাছ ধরে জীবিকা নির্বাহ করেন শ্রীধাম। তাই জীবন ও জীবিকার তাগিদে টাঙ্গাইল থেকে গাজীপুরের কালীগঞ্জে এসেছেন মাছ ধরতে। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস! মাছ ধরতে এসে লাশ হয়ে ফিরল শ্রীধাম চন্দ্র দাস (৩৫)। রোববার দুপুরে শ্রীধামের মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল হাসপাতালে পাঠায় পুলিশ।নিহত শ্রীধাম টাঙ্গাইলের নাগরপুর উপজেলার খাগরিয়া গ্রামের মৃত ধীরেন চন্দ্র দাসের ছেলে। নিহতের ভগ্নিপতি অনিল চন্দ্র দাস জানান, বর্ষাকাল থাকায় টাঙ্গাইল থেকে ১০-১২ জনের একটি জেলের দল কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়নের গারালিয়া বিলে মাছ ধরতে আসে। তারা বেশ কিছুদিন যাবৎ ওই এলাকায় অবস্থান করে মাছ ধরছিল। রোববার সকালে মাছ ধরা অবস্থায় নৌকা থেকে শ্রীধাম পড়ে যায়। পরে তাকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কালীগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. মফিজুর রহমান জানান, শ্রীধামের মৃত্যুর খবর পেয়ে টাঙ্গাইল থেকে তার আত্মীয়-স্বজন ছুটে আসেন। তারা শ্রীধামের মৃত্যুকে রহস্যজনক মনে করে থানা পুলিশকে অবহিত করেন। পরে পুলিশ তার মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। তিনি আরো জানান, এ ব্যাপারে নিহতের বড়ভাই ভবেশ চন্দ্র দাস বাদী হয়ে দুপুরে কালীগঞ্জ থানায় একটি অপমৃত্যুর মামলা (নং ১৭) করেছেন। আব্দুর রহমান আরমান/এসএস/এমএস