খেলাধুলা

জার্মানির জাদুকর ফ্লোরিয়ান উইর্টজ

অসাধারণ ড্রিবলিং দক্ষতা, তুখোড় ফুটবল মস্তিষ্ক আর মাঠজুড়ে দৌড়ানোর অবিশ্বাস্য ক্ষমতা- এই তিনের সংমিশ্রণে বর্তমান ফুটবল বিশ্বের অন্যতম ‘টপ ক্লাস’ অপারেটর ফ্লোরিয়ান উইর্টজ। ২০২৬ ফিফা বিশ্বকাপে ফুটবল বিশ্বকে নতুন করে রাঙিয়ে দেওয়ার সব রসদই মজুত আছে এই জার্মান সেনসেশনের কাছে।

জার্মানির বর্তমান কোচ হুলিয়ান নাগেলসম্যানের কৌশলের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছেন এই মিডফিল্ড মায়েস্ত্রো। নাগেলসম্যান নিজের পুরো দলকেই যেন সাজিয়েছেন উইর্টজকে ঘিরে, যাতে তিনি মাঠে নিজের ইচ্ছামতো বিচরণ করে ফুটবলীয় জাদু দেখাতে পারেন। নিজের দিনে এই গিফটেড টেকনিশিয়ান প্রতিপক্ষের কাছে এতটাই ভয়ংকর হয়ে ওঠেন যে তাকে আটকানো প্রায় অসম্ভব হয়ে পড়ে।

পরিসংখ্যান ও অর্জন: কোলন থেকে লিভারপুলের আকাশ

কোলন একাডেমির এই বিস্ময়বালক জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত ৩৯ ম্যাচে ১০টি গোল এবং ১১টি অ্যাসিস্ট করেছেন। জার্মান বয়সভিত্তিক দলগুলোতে তার উত্থান ছিল চোখে পড়ার মতো, যার চূড়ান্ত প্রতিফলন ঘটে ২০২১ সালের উয়েফা অনূর্ধ্ব-২১ ইউরো চ্যাম্পিয়নশিপে। মাত্র ১৮ বছর বয়সে শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন তিনি।

ক্লাব ফুটবলে জাভি আলোনসোর অধীনে বায়ার লেভারকুসেনের রূপকথার নায়ক ছিলেন উইর্টজ। ২০২৩-২৪ মৌসুমে লেভারকুসেনের প্রথম বুন্দেসলিগা জয় এবং জার্মান কাপ জিতে ঘরোয়া ‘ডাবল’ অর্জনে তিনি ছিলেন মূল কারিগর। লেভারকুসেনের হয়ে ১৯৭ ম্যাচে ৫৭ গোল এবং ৬৫ অ্যাসিস্টের চোখ ধাঁধানো পরিসংখ্যান নিয়ে তিনি নাম লিখলেন ইংলিশ জায়ান্ট লিভারপুলে। বুন্দেসলিগার ইতিহাসে ওসমানে দেম্বেলের পর দ্বিতীয় সর্বোচ্চ ট্রান্সফার ফি দিয়ে তাকে দলে ভিড়িয়েছে অলরেডরা।

কিংবদন্তিদের চোখে উইর্টজ

উইর্টজের প্রতিভা নিয়ে স্তুতি ঝরেছে ফুটবল বিশ্বের রথী-মহারথীদের কণ্ঠে।

জাভি আলোনসো: ‘মেসি কেন এত ভালো? কারণ সে জানে কখন সাধারণ পাস খেলতে হয়। ফুটবল মানেই শুধু দর্শনীয় কিছু করা নয়। ফ্লোরিয়ান সেই স্মার্ট অপশনটি বেছে নিতে পারে।’

স্টিভেন জেরার্ড: ‘এই ছেলেটার সাথে যদি আমি খেলতে পারতাম!’

হুলিয়ান নাগেলসম্যান: ‘তার সৃজনশীলতা এবং সাহসের প্রশংসা করি। সে প্রথাগত নম্বর ১০ নয় যে বলের জন্য অপেক্ষায় থাকে, বরং সে প্রচুর পরিশ্রম করে।’

ইয়ুর্গেন ক্লপ: ‘ফ্লোরিয়ান এক শতাব্দীতে একবার আসা প্রতিভা। তাকে নিয়ে দুশ্চিন্তার কিছু নেই, সে ভালো করবেই!’

আরনে স্লট: ‘তার একাগ্রতা আমাকে মুগ্ধ করে। একজন অ্যাটাকিং মিডফিল্ডার হয়েও এত পরিশ্রম করা সত্যিই ব্যতিক্রম।’

জামাল মুসিয়ালা: ‘আমরা খুব ভালো বন্ধু। আমরা সবসময় মাঠে একে অপরকে খুঁজে নিই।’

জানা-অজানা কিছু তথ্য

ফ্লোরিয়ানের বড় বোন ইউলিয়ান উইর্টজও একজন পেশাদার ফুটবলার, যিনি ২০২৩-২৪ মৌসুম থেকে ওয়েডার ব্রেমেনে খেলছেন। মজার ব্যাপার হলো, ছোটবেলায় উইর্টজের আদর্শ ছিলেন মার্কো মারিন, যিনি ব্রেমেনের হয়ে মাঠ মাতিয়েছেন। মারিনের ড্রিবলিং শৈলির সাথে উইর্টজের খেলার প্রচুর মিল পাওয়া যায়।

কোলন একাডেমিতে থাকাকালীন পরিশ্রমের এক বিরল দৃষ্টান্ত ছিলেন তিনি। ছুটির দিনেও নিজের বাড়ি থেকে ১৩ কিলোমিটার পথ সাইকেল চালিয়ে অনুশীলনে আসতেন এই পরিশ্রমী ফুটবলার।

রেকর্ডের পাতায় উইর্টজ ২০২৪ সালের মার্চে ফ্রান্সের বিপক্ষে মাত্র ৮ সেকেন্ডে গোল করে জার্মানির দ্রুততম গোলের রেকর্ড গড়েন। ২০ জুন ২০২০-এ বায়ার্ন মিউনিখের বিপক্ষে ১৭ বছর ৩৪ দিন বয়সে গোল করে বুন্দেসলিগার তৎকালীন সর্বকনিষ্ঠ গোলদাতার রেকর্ড গড়েন। ১৮ বছর হওয়ার আগেই বুন্দেসলিগায় ৫টি গোল করা প্রথম খেলোয়াড় তিনি। মাত্র ১৮ বছর ৭ মাস ১২ দিন বয়সে বুন্দেসলিগায় ৫০ ম্যাচ খেলার কীর্তি গড়েন। ২০২৬ বিশ্বকাপের লক্ষ্য

২০২২ কাতার বিশ্বকাপে এসিএল (এসিএল) ইনজুরির কারণে অভিষেকবঞ্চিত হওয়া উইর্টজ এবার মরিয়া। টানা দুই আসরে গ্রুপ পর্ব থেকে বাদ পড়া জার্মানির লক্ষ্য এবার হারানো গৌরব পুনরুদ্ধার করা। গ্রুপ পর্বে আইভরি কোস্ট, কুরাসাও এবং ইকুয়েডরের চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে চারবারের বিশ্বজয়ীদের।

কোচ নাগেলসম্যানের মতো উইর্টজও স্বপ্ন দেখছেন বড়। নিজের উচ্চাকাঙ্ক্ষা নিয়ে তিনি বলেন, ‘আমি সবসময় অনেক উঁচুতে লক্ষ্য নির্ধারণ করতে পছন্দ করি। বিশ্বকাপ জয় করাই এখন আমার একমাত্র লক্ষ্য।’

আইএইচএস/