দেশজুড়ে

রামপাল বিদ্যুৎকেন্দ্র হলে সুন্দরবনের জীববৈচিত্র্য নষ্ট হবে না

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. তাজুল ইসলাম বলেছেন, রামপাল বিদ্যুৎকেন্দ্র হলে সুন্দরবনের জীব বৈচিত্র্য নষ্ট হবে না বরং সুরক্ষা হবে। কারণ রামপাল বিদ্যুৎকেন্দ্র এমন একটি জায়গায় হচ্ছে- যেখানে কোনো বসতি নেই, বসতি করাও সম্ভব নয়। আর এ বিদ্যুৎকেন্দ্র থেকে সুন্দরবনের কাগজে-কলমে দূরত্ব ১৪ কিলোমিটার হলেও বাস্তবে এর দূরত্ব ২১ কিলোমিটার। কিছু পরিবেশবিদ বাপার জোন বলে মিস গাইড করেছে। শনিবার কুমিল্লা জেলা প্রশাসন কার্যালয়ে ভিডিও কনফারেন্স অনুষ্ঠানে জেলার আদর্শ সদর উপজেলা শতভাগ বিদ্যুতায়িত উপজেলার আনুষ্ঠানিক উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে সরাসরি ভিডিও কনফারেন্সের মাধ্যমে শনিবার সকালে কুমিল্লার আদর্শ সদর উপজেলাসহ দেশের ছয়টি শতভাগ বিদ্যুতায়িত উপজেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ উপলক্ষে কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত ভিডিও কনফারেন্স অনুষ্ঠানে সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরু, সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল ও নূরুল ইসলাম মিলন, জেলা পরিষদ প্রশাসক আলহাজ্ব মো.ওমর ফারুক, জেলা প্রশাসক মো. হাসানুজ্জামান কল্লোল প্রমুখ উপস্থিত ছিলেন। কামাল উদ্দিন/এআরএ/আরআইপি