দেশজুড়ে

কুমিল্লায় মা-ছেলে হত্যার ঘটনায় মামলা

কুমিল্লার হাউজিং এস্টেটে এলাকায় নাসিমা আক্তার ও তার ছেলে নাফিসকে হত্যার ঘটনায় নাসিমার স্বামী নাজমুল হাসানকে প্রধান আসামি করে মামলা করা হয়েছে। সেই সঙ্গে এ মামলায় অজ্ঞাত কয়েকজনকে আসামি করা হয়েছে। সোমবার নাসিমার বাবা খলিলুর রহমান বাদী হয়ে এ মামলা করেন। কুমিল্লা কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রব বিষয়টি নিশ্চিত করেছেন।এর আগে রোববার রাতে কুমিল্লা সদর উপজেলার হাউজিং এস্টেটের একটি বাড়ির সেপটিক ট্যাংক থেকে নাসিমা আক্তার ও তার দেড় বছর বয়সী ছেলে নাফিসের মরদেহ উদ্ধার করে পুলিশ। নাসিমার গ্রামের বাড়ি বরুড়া উপজেলার কাদবা দেউড়া গ্রামে। স্বামী নাজমুল হাসান জেলার চান্দিনা উপজেলার বরকইট গ্রামের মাওলানা মতিনের ছেলে। পুলিশের ধারণা, গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধে হত্যার পর তাদের সেপটিক ট্যাংকে ফেলে রাখা হয়। এ ঘটনার পর নাসিমার স্বামী নাজমুল পলাতক।কোতোয়ালি মডেল থানার ওসি মো. আবদুর রব জানান, পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটেছে। নাজমুলকে গ্রেফতারে পুলিশের একাধিক টিম অভিযান চালাচ্ছে। মো. কামাল উদ্দিন/এএম/এবিএস