দেশজুড়ে

গাজীপুরে হত্যা মামলায় ২ জনের ফাঁসি

গাজীপুরে হত্যা মামলায় দুইজনের ফাঁসি এবং দুইজনকে যাবজ্জীবন করাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়। এছাড়া যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তদের অনাদায়ে আরো এক মাসের সশ্রম কারাদণ্ড দেয়া হয়। গাজীপুরের জেলা ও দায়রা জজ একেএম এনামুল হক মঙ্গলবার দুপুরে এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, শ্রীপুর উপজেলার বরমী এলাকার মৃত আব্দুল হেমিকের ছেলে মো. কালাম (৩০) ও একই এলাকার হাসেন আলী ডাক্তারের ছেলে ইকবাল হোসেন (২২)। এছাড়া যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, ওই এলাকার ছফুর উদ্দিনের ছেলে আব্দুল লতিফ (২৫) ও মফিজ উদ্দিনের ছেলে মো. মোখলেছ (১৯)। গাজীপুর আদালতের পিপি অ্যাড. হারিছ উদ্দিন আহমদ জানান, রাজশাহীর চারঘাট উপজেলার মারিয়া গ্রামের মকবুল হোসেনের মেয়ে রুপালী খাতুন (২৫) গাজীপুরের শ্রীপুরের এক পোশাক কারখানায় কাজ করতো। ২০১৪ সালের ১৬ আগস্ট সকালে শ্রীপুরের ৬নং বরমী ইউনিয়নের গিলাশ্বর এলাকার আ. মান্নানের প্রজেক্টর পূর্ব পার্শ্বের বাউন্ডারী ওয়ালের পিলারের সঙ্গে গলায় উড়না পেঁচানো অবস্থায় রুপালী খাতুনের মরদেহ উদ্ধার করে পুলিশ। মরদেহটি বাউন্ডারি ওয়ালের পিলারের সঙ্গে ঝুলন্ত এবং কোমর হতে শরীরের নিচের অংশ কাঁদার সঙ্গে লাগানো ছিল। এ ঘটনায় শ্রীপুর মডেল থানার এসআই আব্দুল মালেক খান বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সাইফুল ইসলাম তদন্ত শেষে অভিযুক্ত চার জনের বিরুদ্ধে ২০১৫ সালের ২৮ এপ্রিল আদালতে চার্জশিট দাখিল করেন। মামলায় ১১ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়। রায়ে উল্লেখ করা হয় দণ্ডপ্রাপ্ত আসামিরা রুপালী খাতুনকে বিয়ের প্রলোভন দেখিয়ে জঙ্গলে নিয়ে শ্বাসরোধে হত্যা করে। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাড. হারিছ উদ্দিন আহমদ এবং আসামিপক্ষে ছিলেন অ্যাড. আবুল হাসেম।আমিনুল ইসলাম/এআরএ/আরআইপি