গাজীপুরের কালিয়াকৈর শাহ সিমেন্ট কোম্পানির এক বিক্রয় প্রতিনিধিকে গুলি করে সাড়ে ৭ লাখ টাকা ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা। উপজেলার সফিপুর এলাকায় বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে এই ঘটনা ঘটে। দুই পায়ে ছয়টি গুলিবিদ্ধ বিক্রয় প্রতিনিধিকে সভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।গুলিবিদ্ধ শফিকুল ইসলাম কুড়িগ্রামের রাজিবপুর থানার শংকর মাধবপুর গ্রামের আবুল হাসেমের ছেলে। তিনি কালিয়াকৈর তেলিচালা এলাকায় ভাড়া থাকেন।সফিপুর বাজারের সিমেন্ট ব্যবসায়ী আব্দুল জব্বার ও আহত সফিকুল ইসলাম জানান, গাজীপুরের কোনাবাড়ি বাজারে শাহ সিমেন্টের মেসার্স কোনাবাড়ি ট্রেড লিংক নামের একটি এজেন্ট রয়েছে। ওই এজেন্টের বিক্রয় প্রতিনিধি শফিকুল ইসলাম সকালে সফিপুরসহ আশপাশের বেশ কয়েকটি সিমেন্টের দোকান থেকে সাড়ে ৭ লাখ টাকা সংগ্রেহ করেন। পরে ওই টাকাসহ একটি মোটরসাইকেল নিয়ে সফিপুর বাজার থেকে রতনপুর এলাকায় চাঁন মিয়া এন্টারপ্রাইজ নামে একটি দোকানে টাকা সংগ্রেহের উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে কালিয়াকৈর পৌরসভার সফিপুর আঞ্চলিক কার্যালয়ের সামনে পৌঁছালে সামনে এবং পিছন দিক থেকে দুইটি মোটরসাইকেলে ছয়জন ছিনতাইকারী গতিরোধ করে। পরে ছিনতাইকারীরা তার কাধে থাকা টাকার ব্যাগটি নেয়ার চেষ্টা করলে সফিকুল বাধা সৃষ্টি করে। এসময় ছিনতাইকারীরা দুইটি পিস্তল দিয়ে তার দুই পায়ে ৬ রাউন্ড গুলি করে টাকার ব্যাগটি ছিনতাই করে নিয়ে পালিয়ে যায়। সফিকুলের বাম পায়ে উড়ুতে চারটি ও ডান পায়ের উড়ুতে দুইটি গুলি করে। পরে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।আহত সফিকুল ইসলাম জানায়, তার ব্যাগে সাড়ে সাত লাখ টাকার মতো ছিল।কালিয়াকৈর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোতালেব মিয়া জানান, ছিনতাইকারীরা গুলি করে আনুমানিক ৫ থেকে ৬ লাখ টাকার মতো লুট করেছে। ছিনতাইকারীদের গ্রেফতার করতে অভিযান চালানো হচ্ছে।আমিনুল ইসলাম/এআরএ/এবিএস