গাজীপুরে সুমা আক্তার লাকী (৩০) নামে এক গৃহবধূ গায়ে কেরোসিন ঢেলে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন। অগ্নিদগ্ধ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। শুক্রবার গাজীপুর সদর উপজেলার ভাওয়াল মির্জাপুরের কলেজ পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় গৃহবধূর স্বামী রুবেল হোসেন ও শশুর সামসুল হককে জিজ্ঞাসাবাদের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আটক করেছে পুলিশ। অগ্নিদগ্ধ গৃহবধূর নাম সুমা আক্তার লাকী (৩০)। তিনি ভাওয়াল মির্জাপুর এলাকার মোদি দোকানদার রুবেল হোসেনের স্ত্রী।লাকীর ভাসুর ঝুমুর মিয়া জানান, পারিবারিক কলহের জের ধরে শুক্রবার সকাল ১১টার দিকে সুমা আক্তার লাকী তার ঘরের দরজা বন্ধ করে তার গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন। এক পর্যায়ে লাকী চিৎকার করে দরজা খুলে ঘরের বাইরে চলে আসেন। এ সময় ঝুমুর মিয়া ও তার স্ত্রী এসে লাকীর শরীরে ভিজা কাপড় জড়িয়ে ধরেন এবং পানি ঢেলে দেন। খবর পেয়ে দোকান থেকে এসে স্বামী রুবেল হোসেন ও শশুর সামসুল হক তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।গাজীপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইজাদুর রহমান মিলন জানান, সুমা আক্তার লাকী এর আগেও একাধিকবার আত্মহত্যার চেষ্টা করেছিলেন। এ নিয়ে কয়েকবার বিচার শালিশও হয়েছে।জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার রেজাউল হাসান রেজা জানান, জিজ্ঞাসাবাদের জন্য লাকীর স্বামী ও শশুরকে আটক করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।মো. আমিনুল ইসলাম/এআরএস