কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) অর্থনীতি বিভাগের ছাত্রী ফাহমিদা হাসান নিশা মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) হস্তান্তর করা হচ্ছে। পুলিশ সদর দফতরের নির্দেশে বুধবার বিকেলের দিকে মামলাটি পিবিআইতে হস্তান্তর করা হবে।এ মামলাটি তদন্ত করবেন পিবিআই-কুমিল্লার পরিদর্শক রকিবুল ইসলাম। বুধবার দুপুর সোয়া ১২টার দিকে এসব তথ্য নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও সদর দক্ষিণ থানার এসআই খাদেমুল বাহার। গত ২৩ আগস্ট ভোর ৬টার দিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয় সংলগ্ন সালমানপুর এলাকায় ‘প্রশান্তি’ (মেস) নামে বাসার নিচতলায় বিস্ফোরণে ফাহমিদা দগ্ধ হন। তাকে উদ্ধার করে প্রথমে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ও পরে আশঙ্কাজনক অবস্থায় ওইদিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। পরদিন কুমিল্লার সদর দক্ষিণ মডেল থানার এসআই শহীদুল বাশার সন্ত্রাস দমন আইনে অজ্ঞাতনামা কয়েকজনসহ ৩ ছাত্রীর বিরুদ্ধে মামলা করেন। মামলার ৩ আসামি হলেন নুরুন্নাহার, মর্জিনা আক্তার ও দগ্ধ ছাত্রী ফাহমিদা হাসান নিশা। ফাহমিদা হাসান নিশা ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার বায়েক ইউনিয়ন পরিষদের সচিব ও আসকিনা গ্রামের আবু হাসানের মেয়ে। নিশাকেও এ মামলায় গ্রেফতার দেখানো হয়েছিল। গত রোববার (৪ সেপ্টেম্বর) গভীর রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় নিশা মারা যান। গ্রেফতার হওয়া অপর ২ জন একই বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী নুরুন্নাহার ও হিসাববিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মর্জিনা আক্তার।কামাল উদ্দিন/এসএস/পিআর