জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন-অর-রশিদ বলেছেন, ক্রাশ প্রোগ্রাম বাস্তবায়নের মধ্য দিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমে সেশনজটের অবসান ঘটতে চলছে। শিক্ষার মানোন্নয়নই এখন আমাদের অগ্রাধিকার এবং এ লক্ষ্য পূরণে সর্বশক্তি নিয়োগ করা হবে। তিনি বলেন, বিশ্বব্যাংক ও বাংলাদেশ সরকারের অর্থায়নে ১৩০ মিলিয়ন মার্কিন ডলারের প্রকল্পটি এক্ষেত্রে সুদূরপ্রসারী ভূমিকা রাখবে।বৃহস্পতিবার দুপুরে পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের মধ্যে কলেজ শিক্ষা উন্নয়ন প্রকল্পের জন্য একশ’ মিলিয়ন মার্কিন ডলারের ঋণচুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এসব কথা বলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।বাংলাদেশ সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব কাজী শফিকুল আযম এবং বিশ্বব্যাংকের পক্ষে ড. জাহিদ হোসেন ঋণচুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, ইউজিসির সদস্য অধ্যাপক ড. এম. শাহনেওয়াজ আলী, বিশ্বব্যাংকের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব কাজী শফিকুল আযম। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু, নায়েম’র ভারপ্রাপ্ত মহা-পরিচালক এএফএম শফিকুর রহমান, শিক্ষা মন্ত্রণালয়ের পরিকল্পনা উইংয়ের প্রধান কাজী মনিরুল হক, বিশ্বব্যাংকের ঢাকা অফিসের মোখলেছুর রহমান প্রমুখ।বৃহস্পতিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। মো. আমিনুল ইসলাম/এএম/এবিএস