দেশজুড়ে

শহীদ ময়েজউদ্দিনের শাহাদাৎবার্ষিকী পালিত

গাজীপুরের কালীগঞ্জের কৃতী সন্তান ঐতিহাসিক আগরতলা ষড়যন্ত্র মামলা পরিচালনা কমিটির আহ্বায়ক ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক শহীদ ময়েজউদ্দিন আহমেদের ৩২তম শাহাদাৎবার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় কালীগঞ্জ উপজেলা ও পৌর আওয়ামী লীগের উদ্যোগে উপজেলার দলীয় কার্যালয়ে বিশেষ দোয়া, মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. ইসমাইল হোসেনের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক এবিএম তারিকুল ইসলামের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি। এদিকে কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে সকালে বনানী কবরস্থানে শহীদের কবরে শ্রদ্ধাঞ্জলি, বেলা ১১টায় কালীগঞ্জ উপজেলা পরিষদের সামনে শহীদ ময়েজউদ্দিন স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি প্রদান। দুপুর ১২টায় কালীগঞ্জ পৌর এলাকার দেওপাড়া গ্রামে শহীদ ময়েজউদ্দিন সেতু সংলগ্ন ফেরিঘাটে দোয়া, মিলাদ ও দরিদ্রদের মাঝে খাবার বিতরণ। বাদ জোহর মোক্তারপুর ইউনিয়নের নোয়াপাড়া শহীদ ময়েজউদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়। এছাড়াও দিনটি উপলক্ষে বিভিন্ন ওয়ার্ড, পাড়া-মহল্লায় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের আয়োজনে শহীদের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, শহীদ ময়েজউদ্দিন আহমেদ মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকির বাবা।       আব্দুর রহমান আরমান/এআরএ/আরআইপি